প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৯ মার্চ : কন্যার আকাল থাকা পরিবারের বধূ জন্ম দিয়েছেন দ্বিতীয় কন্যা সন্তানের। সেই আনন্দে আত্মহারা পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের ঝিলু গ্রাম নিবাসী বধূর স্বামী শেখ নাজির উদ্দিন ।বতিনি তাঁর স্ত্রী বাবলি খাতুন এবং সদ্য ভূমিষ্ঠ কন্যাকে আজ রবিবার ফুল মালায় সজ্জিত গাড়িতে চাপিয়ে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যান।কন্যা সন্তানের প্রতি এক পিতার এমন হৃদয় স্পর্শী স্নেহ কাহিনী চাক্ষুষ করে আপ্লুত ঝিলু গ্রামের আপামোর মহিলা।খুশি গোটা শেখ পরিবার ।
শেখ নাজির উদ্দিন জানিয়েছেন,তাঁর বোন নেই । সেই জন্য তিনি এবং তাঁর অন্য ভাইয়েরা খুবই আক্ষেপ করতেন। বাড়িতে কার্যত ছিল মেয়ের আকাল । তাই বিয়ের পর থেকেই তিনি কন্যা সন্তান লাভের জন্য আকাঙ্ক্ষীত ছিলেন। তাঁর প্রথম সন্তান কন্যা সন্তান হয়েছে। দ্বিতীয় সন্তানও কন্যা সন্তান হোক, সেটাই হয়েছে। চারদিন আগে বর্ধমানের একটি বেসরকারী হাসপাতালে তাঁর স্ত্রী বাবলি দ্বিতীয় কন্যা সন্তানের জন্ম দিয়েছে। তা নিয়ে তিনি অত্যন্ত খুশি। তাই এদিন স্ত্রী,সদ্য ভূমিষ্ট কন্যা এবং প্রথম কন্যাকে এক সঙ্গে ফুল মালায় সজ্জিত গাড়িতে চাপিয়ে নিয়ে তিনি বেসরকারী হাসপাতাল থেকে নিজের বাড়িতে নিয়ে যান। বাড়ির সকলেও তাঁর সদ্য ভূমিষ্ঠ কন্যাকে বরণ করে ঘরে তুলে নিয়েছেন।নাজির উদ্দিন জানান, ’নাফিসা পারভিন’ নাম রেখেছেন তিনি তাঁর দ্বিতীয় কন্যা সন্তানের ।
শিশু কন্যার মা বাবলি খাতুন বলেন,’চার দিন আগে আমি আমার দ্বিতীয় কন্যা সন্তানের জন্ম দিয়েছি।আমি দ্বিতীয় কন্যা সন্তানের জন্ম দেওয়ায় আমার স্বামী খুবই খুশি হয়েছে। তিনি এবং আমার শ্বশুর বাড়ির লোকজন এদিন ফুল মালায় সজ্জিত গাড়িতে আমাকে এবার মেয়েদের চাপিয়ে নিয়ে বাড়িতে আসেন । এতে আমি দারুণ খুশি হয়েছি।
শিশু কন্যার দাদু নাজিম উদ্দিন শেখ বলেন,’আমার তিন ছেলে,মেয়ে নেই। মেয়ে না থাকার জন্য আমার বড়ই আক্ষেপ ছিল। আমার একটা মেয়ে থাকলে আমি বছরে বেশ কয়েকবার মেয়ের শ্বশুর বাড়িতে বেড়াতে যেতাম।এখন আমার দু- দুটি নাতনির দাদু হয়েছি।এখন আমি খুব খুশি ।’।
