এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২১ ফেব্রুয়ারী : আজ শনিবার দক্ষিণ ২৪ পরগনার আমতলায় অভিষেক ব্যানার্জির হাত ধরে তৃণমূলে আনুষ্ঠানিক ভাবে যোগ দিলেন সিপিএমের যুবনেতা ও এসএফআই-এর প্রাক্তন রাজ্য সভাপতি প্রতীক উর রহমান। এদিকে তাকে দল থেকে বহিষ্কার করল সিপিএম । সিপিএমের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদর দপ্তর আলিমুদ্দিন স্ট্রিট থেকে প্রেস বিবৃতি বলা হয়েছে, ‘পার্টির রাজ্য কমিটির সদস্য প্রতীক উর রহমানকে গুরুতর পার্টি বিরোধী কার্যকলাপে যুক্ত থাকা এবং শত্রু শিবিরে যোগদানের অপরাধে পার্টি গঠনতন্ত্রের ১৯ নং ধারার ১৩ উপধারা অনুযায়ী পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তৎক্ষনাৎ পার্টি থেকে বহিস্কার করা হয়েছে।’
এদিকে তৃণমূলে যোগ দিয়ে প্রতীক উর রহমান বলেন, “আমার নীতি-নৈতিকতা বিজেপিকে আটকানো। ফ্যাসিস্ট শক্তিকে রুখতেই এই সিদ্ধান্ত। ডিল হয়েছে-হ্যাঁ, বিজেপিকে পশ্চিমবঙ্গের মাটিতে আটকানোর ডিল।” তিনি আরও বলেন, অতীতে সিপিএম তৃণমূলকে ‘বিজেমূল’ বলে প্রচার করলেও আদালতে গিয়ে তৃণমূল সেই অভিযোগ খণ্ডন করেছে। পাল্টা সিপিএমের বিরুদ্ধে বিজেপির সঙ্গে বোঝাপড়ার অভিযোগও তোলেন তিনি।।

