এইদিন ওয়েবডেস্ক,মালদা,২১ ফেব্রুয়ারী : ভারতীয় লরি চালকের লরিতে লুকিয়ে অনুপ্রবেশ করে বিএসএফ-এর হাতে পাকড়াও বাংলাদেশি যুবক । মালদা জেলার ইংরেজবাজার থানা এলাকায় ভারত -বাংলাদেশ সীমান্তের ঘটনা । পুলিশ জানিয়েছে, ধৃত বাংলাদেশির নাম মহম্মদ আলমগীর কবির(২৬) । তার বাড়ি রাজশাহী জেলার চন্দ্রিমা থানার অন্তর্গত ছোট বনগ্রাম এলাকায় । অনুপ্রবেশে সহযোগিতা করার জন্য ভারতীয় লরি চালক সাজু ঘোষ(২৬)কেও পুলিশ গ্রেপ্তার করেছে । শুক্রবার রাতে গ্রেপ্তারের পর ধৃতদের আজ শনিবার মালদা জেলা আদালতে তোলা হয়।
জানা গেছে,লরিতে পণ্যসামগ্রী নিয়ে বাংলাদেশ গিয়েছিল চালক সাজু ঘোষ । বাংলাদেশে পণ্য সামগ্রী খালি করে শুক্রবার রাতে সে মালদার মহদিপুর এলাকা দিয়ে ভারতে আসে । সেই সময় সীমান্তে নিরাপত্তার দায়িত্ব পালন করা বিএসএফ লরিটিতে রুটিন তল্লাশি চালায় । তখনই লরির যন্ত্রাংশের ভিতরে একজনকে লুকিয়ে থাকতে দেখেন বিএসএফ জওয়ানরা । জেরা করতেই ওই যুবক জানায় যে সে বাংলাদেশি নাগরিক । এরপর বিএসএফ ওই বাংলাদেশি যুবক ও লরি চালককে পাকড়াও করে ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দেয় । ওই বাংলাদেশি কি উদ্দেশ্যে ভারতে অনুপ্রবেশ করেছে তা তদন্ত করে দেখছে পুলিশ ।।

