এইদিন স্পোর্টস নিউজ,১৫ ফেব্রুয়ারী : ২০২৬ সালের আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ “এ” ম্যাচে পাকিস্তানকে ৬১ রানে পরাজিত করল ভারত । কলম্বোর আর প্রেমাদাসা আন্তর্জাতিক স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় পাকিস্তান । নির্ধারিত ২০ ওভারে ভারত ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান করে৷ঈশান কিষাণ ১০ টি চার ও ৩ টি ছক্কার সাহায্যে ৪০ বলে ৭৭ রানের একটি অনবদ্য ইনিংস খেলেন । জবাবি ব্যাটিং করতে নেমে তাসের ঘরের মত ভেঙে পড়ে পাকিস্তানের ইনিংস । পাকিস্তানের উইকেটরক্ষক উসমান খান ছাড়া ব্যাটে সাফল্য পায়নি কেউই । উসমান ৩৪ বলে ৪৪ রান করে । শেষ পর্যন্ত ১৮ ওভারে সব উইকেট হারিয়ে ১১৪ রান তুলতে সক্ষম হয় পাকিস্তান । ভারত ৬১ রানে জিতে সুপার এইটের জন্য যোগ্যতা অর্জন করেছে !
ভারতের হার্দিক পান্ডিয়া,জসপ্রীত বুমরাহ,অক্ষর প্যাটেল এবং বরুণ চক্রবর্তী ২ টি করে উইকেট নিয়েছেন । এছাড়া,১ টি করে উইকেট নিয়েছেন কুলদীপ যাদব ও এন তিলক ভার্মা ।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত । প্রথম ওভারেই শূন্য রানে আউট হন প্রারম্ভিক ব্যাটসম্যান অভিষেক শর্মা । এরপর ইশান কিষাণ এসে দলের হাল ধরেন । অনবদ্য ৭৭ রানের ইনিংস উপহার দেন তিনি । ঈশান কিষাণ ৭৭ রান করে আউট হওয়ার পর, সূর্য কুমার এবং তিলক ব্যাটিং গতি কমিয়ে দেন। ১৩ ওভারে ২ উইকেট হারিয়ে ভারত ১১৮ রান করে। নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ভারত ১৭৫ রান করে। অধিনায়ক সূর্য কুমার যাদব ২৯ বলে ৩২, তিলক ভার্মা ২৪ বলে ২৫, শিবম দুবে ১৭ বলে ২৭ এবং রিঙ্কু সিং ৪ বল খেলে ১১ রান করে নট আউট থাকেন । পাকিস্তানের হয়ে স্যাম আইয়ুব ৩ উইকেট নেন।।
