পারমিতা দত্ত,কালনা(পূর্ব বর্ধমান),১৫ ফেব্রুয়ারী : আজ রবিবার মহা শিবরাত্রি । সেই কারনে ভোর বেলায় রেল লাইনের ধারে গজিয়ে ওঠা আকন্দ গাছ থেকে ফুল সংগ্রহ করতে গিয়েছিলেন এক ফুল ব্যবসায়ী যুবক । আর ফুল সংগ্রহ করার সময় ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল তার । এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী-১ ব্লকের নাদনঘাট থানার সমুদ্রগড় স্টেশন সংলগ্ন এলাকায়।
জানা গেছে,আজ ভোরে সমুদ্রগড় স্টেশন সংলগ্ন এলাকায় রেললাইনের পাশে গজিয়ে ওঠা আকন্দ গাছ থেকে ফুল সংগ্রহ করে একটা থলিতে সংগ্রহ করছিলেন ওই যুবক । সেই সময় তিনি রেললাইন পারাপার করতে গেলে একটি ট্রেন চলে আসে । ট্রেনের ধাক্কায় তিনি রেললাইনের উপর ছিটকে পড়েন । ট্রেনের যন্ত্রাংশের আঘাতে যুবকের মাথার খুলি কার্যত উড়ে যায় । গলার মধ্যে গভীর ক্ষতের সৃষ্টি হয় । ঘটনাস্থলেই তার মৃত্যু হয় । অনেক পরে খবর পেয়ে রেলপুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় । তবে এখনো যুবকের পরিচয় জানা যায়নি । স্থানীয় বাসিন্দারা জানান,মৃতদেহের পাশে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল বেশ কিছু আকন্দ ফুল এবং ফুল তোলার ব্যাগটি । তা থেকেই তাদের অনুমান যে মৃত যুবক ফুল ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন । রেলপুলিশ মৃত যুবকের পরিচয় জানার চেষ্টা করছে ।।

