এইদিন ওয়েবডেস্ক,জলপাইগুড়ি,০৯ ফেব্রুয়ারী : প্রশিক্ষণ নিতে গিয়ে এক সিভিক ভলান্টিয়ারের মৃত্যুর ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল জলপাইগুড়ি জেলার ফুলবাড়ি ১২ নম্বর ব্যাটালিয়নের পুলিশ ব্যারাকে । মৃত সিভিক ভলান্টিয়ারের নাম পঙ্কজ বর্মন। তিনি মাথাভাঙা থানায় কর্মরত ছিলেন । জানা গেছে,রবিবার রাতে সহকর্মীদের সঙ্গে খাওয়া-দাওয়া সেরে ঘুমিয়ে পড়েন পঙ্কজ বর্মন । গভীর রাতে দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হন । বিষয়টি দ্রুত ব্যারাক কর্তৃপক্ষকে জানানো হলেও সময়মত চিকিৎসার ব্যবস্থা করতে তেমন উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ ।
এরপর আজ সোমবার সকালে ব্যারাক কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফেলতির অভিযোগ তুলে গেটের সামনে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন অনান্য সিভিক ভলান্টিয়াররা । বিক্ষোভকারীদের দাবি যে সময়মত হাসপাতালে নিয়ে যাওয়া হলে হয়তো পঙ্কজ বর্মনকে বাঁচানো যেত । তাদের অভিযোগ, অতিরিক্ত মানসিক ও কাজের চাপের জেরেই পঙ্কজ বর্মনকে এই মর্মান্তিক পরিনতির মুখে পড়তে হয়েছে । পাশাপাশি তারা রাজ্য বাজেটে সিভিক ভলান্টিয়ারদের জন্য মাত্র ১০০০ টাকা ভাতা বৃদ্ধি নিয়ে তারা অসন্তোষ প্রকাশ করে সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন । বর্তমানে ব্যাটালিয়নের গেটের সামনে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে ।।
