এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৫ ফেব্রুয়ারী : বিধানসভার ভোটের আগে মহার্ঘ ভাতা বা ডিএ মামলায় চরম বিপাকে পড়ে গেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । আজ সুপ্রিম কোর্টেবিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ রাজ্য সরকারকে অবিলম্বে বকেয়া ডিএ-এর ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন । এজন্য ৩১ মার্চ সময়সীমা নির্দিষ্ট করে দিয়েছে সর্বোচ্চ আদালত । এনিয়ে আগামী ১৫ মে-এর মধ্যে কমপ্লায়েন্স রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বিচারপতিদের বেঞ্চ।
কিন্তু ২৫ শতাংশ বকেয়া ডিএ দেওয়ার পরেও আরও ৭৫ শতাংশ ডিএ বকেয়া থাকবে। সেই বকেয়া নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আদালত অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে চার সদস্যের একটি নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে । মূলত বকেয়া কীভাবে, কতগুলি কিস্তিতে দিতে হবে সে বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবে ওই কমিটি। আজ আদালতের এই নির্দেশ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের আন্দোলনের বড় জয় বলে মনে করা হচ্ছে । এদিকে ভোটের আগে শাসকদলের জন্য এটাকে বড় ধাক্কা হিসাবে দেখা হচ্ছে ।।

