এইদিন স্পোর্টস নিউজ,১৬ ডিসেম্বর : বাংলাদেশি মুস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ টাকায় কিনলো শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স ।আইপিএলে খেলা বাংলাদেশিদের মধ্যে মুস্তাফিজুর এখন সবচেয়ে দামি খেলোয়াড় । আগের রেকর্ডটিও তারই ছিল। সর্বশেষবার ৬ কোটি টাকায় দিল্লির হয়ে খেলেন তিনি।সেবার অবশ্য তাকে নিলাম কেনেনি দিল্লি । অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান জ্যাক ফ্রেজার–ম্যাগার্ক ব্যক্তিগত কারণে না খেলায় তার জায়গায় মুস্তাফিজুর রহমানকে নেওয়া হয়েছিল ।
তবে নিলাম থেকে কেনা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে রেকর্ডটা ছিল মাশরাফি বিন মর্তুজার দখলে । বাংলাদেশের প্রাক্তন অধিনায়ককে ৬ লাখ ডলারে (তখনকার এক্সচেঞ্জ রেট অনুযায়ী ৪ কোটি ২০ লাখ টাকা) কিনেছিল কলকাতা নাইট রাইডার্স । এবার সেই রেকর্ড নিজের নামে করে নিলেন ভিত্তিমূল্য ২ কোটির মুস্তাফিজ ।
এনিয়ে আইপিএলে মুস্তাফিজের ষষ্ঠ দল কলকাতা। এর আগে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন তিনি। ২০১৬ সানরাইজার্স দিয়ে অভিষেক হওয়া এই বাংলাদেশি ৩০ বছর বয়সী বাঁহাতি পেসার এখন পর্যন্ত সবমিলিয়ে আইপিএলে ৬০ ম্যাচ খেলে ৬৫ উইকেট নিয়েছেন। প্রথমবার ১৭ উইকেট নিয়ে উদীয়মান সেরা খেলোয়াড়ের স্বীকৃতিও পেয়েছেন ।।

