এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,০৭ ডিসেম্বর : বাংলাদেশ জামাত ইসলামির লক্ষ্য হল দেশকে একশ শতাংশ ইসলামি রাষ্ট্র বানানো । কিন্তু ক্ষমতায় আসতে গেলে দরকার হিন্দু ভোটের । তাই “কাঁটা দিয়ে কাঁটা তোলার” পরিকল্পনা করেছিল ওই কট্টর ইসলামি মৌলবাদী দলটি । সেই লক্ষ্যে জামাতের মিষ্টি কথায় ফেঁসে কিছু হিন্দু ওই দলে যোগদানও করেছিল । কিন্তু জামাত ইসলামির গোপন অভিসন্ধি টের পেয়ে অবশেষে তারা সমস্ত পদ থেকে পদত্যাগ করেছেন ।
বাংলাদেশের গোপালগঞ্জের কোটালীপাড়ায় জামায়াতে ইসলামীর একটি হিন্দু শাখার ৯ নেতাকর্মী একসাথে পদত্যাগ করেছেন। উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটেছে।শনিবার (৬ ডিসেম্বর) রাতে উপজেলার পিড়ারবাড়ি বাজারে এক সাংবাদিক সম্মেলনে তারা পদত্যাগের ঘোষণা করেন ।তাদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সাদুল্লাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর হিন্দু শাখার সভাপতি মনজ মল্লিক ওরফে ঝন্টু।
পদত্যাগের বিষয়ে তিনি বলেন, শনিবার থেকে আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর হিন্দু শাখার কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি, সহ-সভাপতি, উপদেষ্টা ও সদস্যসহ ৯ জন পারিবারিক ও সামাজিক কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর হিন্দু শাখার পদ ও সব কার্যক্রম থেকে পদত্যাগ করলাম।পদত্যাগ করা নেতারা হলেন— সাদুল্লাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতে হিন্দু শাখার সভাপতি মনজ মল্লিক ওরফে ঝন্টু, সহ-সভাপতি বিমল বালা, উপদেষ্টা নারায়ণ হালদার, সদস্য দুলাল মল্লিক, সবুজ মল্লিক, সুভাষ মধু, প্রকাশ সরকার, প্রদীপ ঢালী ও শিশির মল্লিক।
এই বিষয়ে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ফরিদ উদ্দিন মাসউদ বলেন, কিছুদিন আগে কমিটি হয়েছিল। কিন্তু তারা পদত্যাগ করেছেন কি না তা আমার জানা নেই। কোটালীপাড়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর হিন্দু শাখার সদ্য গঠিত ৯ নেতাকর্মীর পদত্যাগের ঘোষণায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ।।

