এইদিন ওয়েবডেস্ক,মুর্শিদাবাদ,১২ নভেম্বর : সোমবার সন্ধ্যায় দিল্লির লাল কেল্লার সামনে আত্মঘাতী বোমা হামলায় ১৩ জনের মৃত্যু হয়েছে । আহত হয়েছে আরও অন্তত দুই ডজন । হামলাটি হরিয়ানার ফরিদাবাদের “হোয়াইট কলার টেরোরিস্ট ইকোসিস্টেম”-এর সঙ্গে সম্পর্ক খুঁজে পেয়েছে তদন্তকারী দল । এবারে এই সন্ত্রাসী হামলায় নাম জুড়লো এরাজ্যেরও । আজ বুধবার জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-এর একটি দল মুর্শিদাবাদের নবগ্রাম থানার নিম গ্রামের বাসিন্দা মইনুল হাসান নামে এক ব্যক্তির বাড়িতে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গেছে । পেশায় পরিযায়ী শ্রমিক মইনুলের সঙ্গে সন্ত্রাসী সংগঠনের সদস্যদের সঙ্গে যোগাযোগ হয়েছিল বলে এনআইএ জানতে পেরেছে ।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী,মইনুল ছাড়া আরও বেশ কয়েকজনের নাম জানতে পেরেছে জাতীয় তদন্তকারী দল । সেই সূত্র ধরে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে তদন্তকারী আধিকারিকরা অভিযান চালিয়ে যাচ্ছেন । দিল্লি বিস্ফোরণের সঙ্গে মুর্শিদাবাদের এই বাসিন্দারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত কি না, মূলত তা খতিয়ে দেখা হচ্ছে বলে খবর। উল্লেখ্য,চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মুর্শিদাবাদ থেকে নিষিদ্ধ সংগঠন আনসারুল্লা বাংলা টিমের কয়েকজন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।।

