এইদিন স্পোর্টস নিউজ,০৮ এপ্রিল : জসপ্রিত বুমরাহর ওভারের প্রথম বল স্লটে পেয়ে উড়িয়ে মারলেন বৈভব সুর্যবংশি। ওয়াইড লং-অনের ওপর দিয়ে বল উড়ে গিয়ে পড়ল গ্যালারিতে, ৮৮ মিটার লম্বা ছক্কা। ওভারের চতুর্থ বলে শর্ট ডেলিভারিতে আরেকটি ছক্কা মারলেন তিনি। এবার ব্যাকওয়ার্ড স্কয়ার লেগের ওপর দিয়ে গ্যালারিতে আছড়ে পড়ল বল। ক্যারিয়ারে প্রথমবারের মতো বিশ্বের সেরা বোলারদের একজন বুমরাহর মুখোমুখি হয়ে নিজের সহজাত আগ্রাসী ব্যাটিংই করলেন ভারতের বিস্ময় বালক সুর্যবংশি। ভারতের তারকা পেসারের মুখোমুখি প্রথম তিন বলে দুটি ছক্কা মারলেন ১৫ বছর বয়সী এই ব্যাটসম্যান।
বুমরাহ বনাম সুর্যবংশি- গুয়াহাটিতে মঙ্গলবার মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসের ম্যাচে ব্যক্তিগত এই দ্বৈরথ দেখার জন্য অধীর হয়ে অপেক্ষায় ছিল সবাই। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচ শুরু হয় দুই ঘন্টার বেশি দেরিতে। টস জিতে বোলিং নেন মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ১১ ওভারে নেমে আসা ম্যাচের প্রথম ওভারে স্ট্রাইক পাননি সুর্যবংশি। দীপক চাহারের ওই ওভারে সবকটি বল খেলে চারটি চার ও একটি ছক্কায় ২২ রান তোলেন ইয়াশাসভি জয়সওয়াল।
পরের ওভারে আসে সেই মুহূর্ত। বোলিংয়ে আসেন বুমরাহ, ব্যাটিংয়ে সুর্যবংশি। প্রথম বলে ১৩১ কিলোমিটার গতির ডেলিভারি ছক্কায় উড়িয়ে দেন তিনি। পরের বলে নেন এক রান। তৃতীয় বলে সিঙ্গল নেন জয়সওয়াল। পরের বল আবার ছক্কা হাঁকান সুর্যবংশি। শেষ দুই বলে অবশ্য কোনো রান নিতে পারেননি তিনি।
পরের ওভারে ট্রেন্ট বোল্টের প্রথম দুই বলে ছক্কা হাঁকান জয়সওয়াল। পরের বলে তিনি নেন এক রান। চতুর্থ বলে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগের ওপর দিয়ে ছক্কা মারেন সুর্যবংশি। পঞ্চম ওভারে শার্দুল ঠাকুরের প্রথম বলও ছক্কায় ওড়ান তিনি, পরের বলে মারেন চার। ওই ওভারেই ছক্কা মারেন আর একটি। পরের বলেই অবশ্য আউট হয়ে যান তিনি ক্যাচ দিয়ে।১৪ বলে পাঁচ ছক্কা ও এক চারে ৩৯ রানের ঝড়ো ইনিংস খেলেন বাঁহাতি এই ওপেনার।
গত আইপিএলের সবচেয়ে চমকপ্রদ গল্প ছিলেন সুর্যবংশি। নিলামে এক কোটি ১০ লাখ টাকায় দল পেয়েই যথেষ্ট আলোচনার জন্ম দিয়েছিলেন তিনি। কিন্তু সত্যিকারের ঝড় তোলেন তিনি খেলতে নেমে।অভিষেকে প্রথম বলেই মারেন ছক্কা। সেদিন ২০ বলে ৩৪ রানের ইনিংসের পর, তৃতীয় ম্যাচে উপহার দেন ৩৫ বলে সেঞ্চুরি। আইপিএলে যা দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি, ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম। প্রথম আইপিএল অভিযানে সাত ইনিংসে ২৫২ রান করেন তিনি, ২০৬.৩৩ স্ট্রাইক রেটে।
পরে ভারতীয় ‘এ’ দল, অনূর্ধ্ব-১৯ দলের হয়েও বিধ্বংসী ব্যাটিংয়ে রেকর্ডের বন্যা বইয়ে দেন তিনি। বিহারের হয়ে রঞ্জি ট্রফি,বিজয় হাজারে ট্রফিতেও ছড়ান আলো।এবারের আইপিএলে শুরুটাও দুর্দান্ত করেন সুর্যবংশি। প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে রান তাড়ায় ১৫ বলে ফিফটি ছুঁয়ে, চারটি চার ও পাঁচটি ছক্কায় ১৭ বলে ৫২ রানের ইনিংস খেলেন তিনি। পরের ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে আউট হয়ে যান ১৮ বলে ৩১ রান করে। এবার তৃতীয় ম্যাচে আরেকটি ঝড়ো ইনিংস খেললেন তিনি।
এ দিন জয়সওয়ালের সঙ্গে সুর্যবংশি উদ্বোধনী জুটিতে ৮০ রান আসে স্রেফ ৩০ বলে। চার ছক্কা ও ১০ চারে ৩২ বলে ৭৭ রানে অপরাজিত রয়ে যান জয়সওয়াল। ১১ ওভারে রাজস্থান করে ৩ উইকেটে ১৫০ রান।জবাবে রাজস্থানের বোলারদের দারুণ বোলিংয়ে ১১ ওভারে ৯ উইকেটে ১২৩ রানে আটকে যায় মুম্বাই। ২৭ রানের জয় পায় রাজস্থান।।
