এইদিন ওয়েবডেস্ক,গুসকরা(পূর্ব বর্ধমান),১৩ মার্চ : সাপের কামড়ে অসুস্থ ভাইকে দেখতে স্বামীর বাইকের পিছনে চড়ে বাপের বাড়ি যাচ্ছিলেন এক মহিলা । কিন্তু মাঝ রাস্তাতেই বেপরোয়া ডাম্পারের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল তার । আজ শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার গুসকরা শহরের স্কুল মোড়ে ১১৪ নম্বর জাতীয় সড়কে । মৃতার নাম কনিকা কোঁড়া(৩৫)।বীরভূম জেলার বোলপুর থানার বল্লভপুর ডাঙ্গাপাড়া গ্রামে তাঁর বাড়ি। বরাতজোরে প্রাণে বেঁচেছেন বাইক চালক স্বামী অমৃত কোঁড়া । পুলিশ ঘাতক ডাম্পারটি আটক করেছে। তবে চালক পলাতক।
জানা গেছে,মৃতা কনিকা কোঁড়ার বাপের বাড়ি দেওয়ানদিঘি থানার দে-পাড়া গ্রামে। কনিকাদেবীর ভাই দেবাশীষ কোঁড়াকে দুদিন আগে চাষের কাজে মাঠে গেলে সাপে কামড়ায় । এখনো তিনি সম্পূর্ণ সুস্থ নন । সেই কারনে অসুস্থ ভাইকে দেখতেই স্বামী অমৃত কোঁড়ার সঙ্গে বাইকে চড়ে বাপের বাড়ি যাচ্ছিলেন কনিকাদেবী। কিন্তু তারা ১১৪ নম্বর জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় গুসকরা শহরের স্কুল মোড়ের কাছে আসতেই একটি বেপরোয়া ডাম্পার বাইকটিকে ওভারটেক করতে যায় । তখনই ডাম্পারটি বাঁক ঘেঁষে এসে বাইকে সজোরে ধাক্কা মারে। স্বামী-স্ত্রী দুজনেই ছিটকে পড়েন। গুরুতর আহত হন কনিকাদেবী। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে তরিঘরি গুসকরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। চিকিৎসকরা কণিকাদেবীকে মৃত বলে ঘোষণা করেন। অমৃত কোড়াকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।।
