এইদিন স্পোর্টস,০৫ ফেব্রুয়ারী : বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে না বলে জানিয়েছে পাকিস্তান । আগামী ১৫ ফেব্রুয়ারী দল ভারতের হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ । কিন্তু আগামী ১৫ ফেব্রুয়ারি গ্রুপ পর্বের সেই ম্যাচ পাকিস্তান বয়কটের ঘোষণা করলেও এবার প্রশ্ন উঠেছে বিশ্বকাপের সেমিফাইনাল বা ফাইনালে ভারত প্রতিপক্ষ হলে পাকিস্তান খেলবে নাকি বয়কট করবে ?
আজ বৃহস্পতিবার বিশ্বকাপের আগে আনুষ্ঠানিক সাংবাদিক সম্মেলনে কলম্বোতে এই প্রশ্নের জবাব দিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আঘা।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর সেমিফাইনাল বা ফাইনালে ভারতের মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হলে পাকিস্তান তাদের সরকার থেকে অনুমতি নিয়েই পরবর্তী পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন তিনি ।
কলম্বোতে এই বিষয়ে সংবাদ মাধ্যমকে পাকিস্তানের অধিনায়ক বলেন, ‘ভারতের সঙ্গে ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে নেই। এটি সরকারের সিদ্ধান্ত। আবার যদি আমাদের সেমিফাইনাল বা ফাইনালে তাদের বিপক্ষে খেলতে হয়, তাহলে আমাদের সরকারের কাছে ফিরে যেতে হবে এবং তাদের পরামর্শ অনুযায়ীই কাজ করতে হবে। এটা সরকারের সিদ্ধান্ত, আমরা সেটাকে সম্মান করি, এবং তারা যা বলবে, আমরা সেটাই করব।’
বিশ্বকাপের ‘এ’-তে ভারত, নামিবিয়া, নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্রের পাশাপাশি পাকিস্তান রয়েছে৷ তবে ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার ঘোষণা করায় বাকি ম্যাচগুলো মহাগুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কাছে হেরেছিল পাকিস্তান। এবারও প্রতিপক্ষ হিসেবে যুক্তরাষ্ট্রকে পেয়েছে পাকিস্তান । এই বিষয়ে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘আমাদের আরও তিনটি ম্যাচ আছে, এবং সেগুলো নিয়ে আমরা খুবই রোমাঞ্চিত। হ্যাঁ, গত বিশ্বকাপে আমরা যুক্তরাষ্ট্রের কাছে হেরেছিলাম, কিন্তু সেটা এখন অতীত। এটা নতুন বিশ্বকাপ, নতুন দল এবং নতুন কম্বিনেশন এবং আমরা এটির দিকেই তাকিয়ে আছি।’।

