এইদিন ওয়েবডেস্ক,সিঙ্গুর,১৮ জানুয়ারী : আজ রবিবার হুগলি জেলার সিঙ্গুরের মাটি থেকে রাজ্যের ‘জঙ্গলরাজের অবসান ঘটাতে”পালটানো দরকার, চাই বিজেপি সরকার” শ্লোগান তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । এদিন দুপুর ২টা ৫০ মিনিট নাগাদ সিঙ্গুরে হেলিকপ্টারে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । প্রথমেই সরকারি অনুষ্ঠানে যোগ দেন তিনি । সেখানে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের ৮৩০ কোটি টাকারও বেশি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জ্যপাল সিভি আনন্দ বোস, অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুরও। এছাড়া বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে ।
এদিনের সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে হুগলির বালাগড়ে এক্সটেন্ডেড পোর্ট গেট সিস্টেমের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী ।জয়রামবাটী– বড়গোপীনাথপুর– ময়নাপুর নতুন রেললাইনের উদ্বোধনও করেন । পাশাপাশি তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেসের এবং একটি নতুন প্যাসেঞ্জার ট্রেনেরও সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । গতকাল মালদায় দেশের প্রথম সেম হাইস্পিড “অমৃত ভারত এক্সপ্রেস” স্লিপার ট্রেনের পথ চলা শুরু হয় মোদীর হাত দিয়ে । এই দু’দিনে একাধিক প্রকল্পের উদ্বোধন করেছেন তিনি। আর সেই প্রসঙ্গ টেনেই প্রধানমন্ত্রী বলেন, ‘গত ১০০ বছরে যা হয়নি, তা হয়েছে ২৪ ঘণ্টায়।’পাশাপাশি তিনি এও জানান, রবিবার যে তিনটি অমৃত ভারত এক্সপ্রেস চালু করা হয়েছে, তার মধ্যে একটি ট্রেন তাঁর নিজ সাংসদীয় এলাকা বারাণসীর সঙ্গে যোগাযোগ আরও উন্নত করবে।
পরে বিজেপির পরিবর্তন সংকল্প সভায় যোগ দিয়ে বলেন, ‘কেন্দ্রের প্রকল্পের সুবিধা এরাজ্যের মানুষকে নিতে দিচ্ছে না মমতা ব্যানার্জির সরকার । মোদী আর বিজেপির বিরুদ্ধে আক্রোশের মূল্য চোকাতে হচ্ছে বাংলার মানুষকে । এই সরকারকে উৎখাত করা প্রয়োজন ।’ জনসভায় ভিড় দেখে খুশি হয়ে প্রধানমন্ত্রী বলেন,’আপনাদের মধ্যে উৎসাহ দেখে মনে হচ্ছে এবারে বাংলার মানুষ এই সরকারকে উপড়ে ফেলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ।’ রাজ্যে নারী নির্যাতন, মাফিয়া রাজ, শিক্ষার মান নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন,’এবারে পশ্চিমবঙ্গের জঙ্গলরাজের অবসান হবে ।’ তিনি সন্দেশখালিরও ঘটনা উল্লেখ করেন ।।

