এইদিন বিনোদন ডেস্ক,০৯ মার্চ : ঘুমের মধ্যেই না ফেরার দেশে চলে গেলেন টলিউডের প্রবীন শিল্পি তমাল রায়চৌধুরী ৷ আজ সোমবার ভোরে কলকাতার নিজ বাড়িতে ঘুমের মধ্যেই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি । তারপর তার চিকিৎসার আর কোনো সুযোগ পাওয়া যায়নি । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর । তার মৃত্যুতে বাংলা চলচ্চিত্র ও থিয়েটার জগতের এক বর্ণময় অধ্যায়ের অবসান ঘটল। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে আর্টিস্ট ফোরাম ।
দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তমাল রায়চৌধুরী ৷ হৃদযন্ত্রের সমস্যার কারনে আগে থেকেই পেসমেকার বসানো ছিল। তারপর থেকেই বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি৷ যেকারনে তিনি অভিনয় জগত থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেন। অনেক প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন এই প্রবীণ অভিনেতা ৷ অবশেষে আজ টলিউডের এক বর্ণময় অধ্যায়ের সমাপ্তি ঘটল।
১৯৬২ সাল থেকে পেশাদার থিয়েটার দিয়ে অভিনয় জগতে পথচলা শুরু করেন তমাল রায়চৌধুরী । মঞ্চের পাশাপাশি ছোট পর্দা এবং বড় পর্দাতেও তিনি চুটিয়ে অভিনয় করেছেন । ‘গোরস্থানের সাবধান’, ‘চ্যালেঞ্জ’, ‘লে হালুয়া লে’, ‘বিন্দাস’, ‘জাতিস্মর’, ‘অ্যামাজন অভিযান’ এবং ‘চাঁদের পাহাড়’-এর মতো ব্যবসায়িকভাবে সফল ছবিতে কাজ করেছেন তিনি । বিভিন্ন ধারার চরিত্রে অভিনয় করলেই বিশেষ করে নেতিবাচক বা খল চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছিল।
আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে দিগন্ত বাগচী জানিয়েছেন, আজ সোমবার বিকেল চারটের সময় বর্ষীয়ান অভিনেতার মৃতদেহ আনা হবে টেকনিশিয়ান স্টুডিয়োয়। সেখানে তাঁকে শ্রদ্ধা জানানো হবে। এর পরে কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে।।
