এইদিন ওয়েবডেস্ক,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),১৭ ফেব্রুয়ারী : পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামে বাইক দুর্ঘটনায় কলকাতা পুলিশের কর্মীসহ ২ জনের মর্মান্তিক মৃত্যু হল । দুর্ঘটনাটি ঘটেছে সোমবার রাত আড়াইটে নাগাদ কাটোয়া বোলপুর রোডে কেতুগ্রামের পুর্মডাঙ্গা মোড়ের কাছে। মৃতরা হলেন : কলকাতা পুলিশের কনস্টেবল সন্ন্যাসী মাজি(৪০) তার বন্ধু ও রাজু অধিকারী(৪১)। গুরুতর জখম হয়েছেন পলক দফাদার(৩৮) নামে আরও একজন বাইক আরোহী । তাকে প্রথমে কাটোয়া মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয় । কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় প্রায় সঙ্গে সঙ্গেই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় । যদিও পরিবারের লোকজন উন্নত চিকিৎসার জন্য তাকে দুর্গাপুরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেছেন বলে জানা গেছে । জানা গেছে,বন্ধু রাজু অধিকারীর মোবাইলের দোকান রয়েছে। জখম পলক দফাদার পূর্ত বিভাগের চুক্তিভিত্তিক কর্মী।
জানা গেছে,সন্নাসী মাজির বাড়ি কেতুগ্রাম থানার কুমোরপুর গ্রামে । গ্রামে শিবরাত্রি উপলক্ষ্যে খুব ধুমধাম হয়। সোমবার রাতে ছিল অনুষ্ঠান। পাশাপাশি বাবা শ্রীদাম মাজির চোখে অস্ত্রোপচার হওয়ায় সন্ন্যাসী ছুটি নিয়ে বাড়ি এসেছিলেন । উৎসব মিটে গেলে কর্মস্থলে ফিরে যাওয়ার কথা ছিল তার ।
স্থানীয় সূত্রে খবর,সোমবার রাতে শিবরাত্রির অনুষ্ঠান মিটে গেলে তিন বন্ধু মিলে একটি বাইকে চড়ে কুমোরপুর থেকে ফুটিসাঁকোর দিকে যাচ্ছিলেন। সেই সময় বেপরোয়া গতির একটি অজানা গাড়ি বাইকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায় । বাইকসহ ৩ বন্ধুই গুরুতর আহত হয়ে ছিটকে পড়েন । তিনজনকে উদ্ধার করে কাটোয়া হাসপাতালে নিয়ে আসা হয় । কিন্তু চিকিৎসকরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন। যদিও স্থানীয়দের একাংশ জানিয়েছেন নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি একটি গাছে ধাক্কা দিলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।।

