এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২২ ফেব্রুয়ারী : ভোটার তালিকা সংশোধনের (SIR) কাজ নিয়ে রাজ্য সরকার “উপযুক্ত সহযোগিতা” না করায় শুক্রবার সুপ্রিম কোর্ট (Supreme Court on SIR) বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করেছে । তার মধ্যে অন্যতম হল, প্রতিটি জেলায় বর্তমান বিচারিক অফিসার এবং অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা বিচারকদের এস আই আর-এর কাজে যুক্ত করা । তাঁরাই তথ্যগত অসঙ্গতি যাচাই করবেন এবং তাঁদের নির্দেশই সুপ্রিম কোর্টের নির্দেশ বলে গণ্য হবে। এদিকে রাজ্য বিজেপির যুবমোর্চার সহ-সভাপতি ও কলকাতা হাইকোর্টের আইনজীবী তরুনজ্যোতি তিওয়ারি দাবি করেছেন যে তৃণমূল তাদের ৭ জন অনুগত প্রাক্তন বিচারপতির তালিকা নিয়ে কলকাতা হাইকোর্টে গেছে ।
আজ তিনি নিজের ফেসবুক পেজে এই বিষয়ে লিখেছেন,’সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্ট কে বলেছেন কিছু প্রাক্তন বিচারপতি নিয়োগ করতে যারা বিভিন্ন জেলার বিচারকদের দেখবেন। বিভিন্ন জেলার বিচারকরা SIR প্রক্রিয়া দেখাশোনা করবেন । শুনলাম তৃণমূল নাকি সাতজন প্রাক্তন বিচারপতির লিস্ট নিয়ে কলকাতা হাইকোর্টে গিয়েছিল। তারা রাজ্য সরকারের বিভিন্ন পদে আছেন। লিস্ট এখনো বাইরে বের হয়নি তাও চোখ বুজে বলতে পারি কোন সাতজন এর জন্য তৃণমূল গেছিল। আশা করি ওই লিস্ট গ্রহণ করেনি মহামান্য কলকাতা হাইকোর্ট। মানুষ কি ভাবছে সেটা পরের কথা, ওই সাতজন বিচারপতি কি ভাবছেন সেটাও জানতে ইচ্ছা করে। তৃণমূল এত ভরসা করে কেন ওনাদের এই ব্যাপারটা কি ওনারা ভেবে দেখেছেন? নিজেদের এই অবস্থায় দেখতে খারাপ লাগে না ?’
এর আগে গত শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ রাজ্য সরকারের অসহযোগিতার কথা উল্লেখ করে জানায় যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে অনুরোধ করা হবে যাতে প্রতিটি জেলায় বর্তমান বিচারিক অফিসার এবং অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা বিচারকদের এই কাজে যুক্ত করা হয়। পাশাপাশি নির্বাচনি কাজে নিযুক্ত আধিকারিকদের নিরাপত্তা নিয়েও রাজ্য পুলিশের ডিজির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে জানায় সর্বোচ্চ আদালত । প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী আনার বিষয়টিও উঠে আসে ।।

