এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৪ ফেব্রুয়ারী : আজ মঙ্গলবার ভরসন্ধ্যায় কলকাতার নির্বাচন কমিশনের দপ্তরের সামনে নজিরবিহীন অভিজ্ঞতার মুখোমুখি হতে হল রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে । তাঁকে লক্ষ্য করে জুতো ছোড়ার অভিযোগ উঠেছে তৃণমূলপন্থী বিএলও-দের বিরুদ্ধে ।এনিয়ে তৃণমূল ও বিজেপিপন্থী বিএলও-দের ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয় । এই ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন, ‘সব ছবি তোলা থাকছে । মে মাসে উলটো করে ঝোলানো হবে ৷’ পাশাপাশি এই ঘটনায় কলকাতা পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ উগরে দেন তিনি।
আজ সন্ধ্যায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ আগরওয়ালের সঙ্গে এস আই আর প্রক্রিয়া সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তার আগেই বিএলও-এর নামে তৃণমূলের বেশ কিছু মহিলা ও পুরুষ ক্যাডার সেখানে জড়ো হয়েছিল বলে অভিযোগ । শুভেন্দু যখন কমিশনের দপ্তরে প্রবেশ করছিলেন, তখনই তাঁকে লক্ষ্য করে জুতো ছোড়া হয় এবং ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয়। এই খবর ছড়িয়ে পড়তেই সেখানে উপস্থিত বিজেপিপন্থী বিএলও-রা ক্ষোভে ফেটে পড়েন। তাঁদের অভিযোগ, পুলিশের সামনেই এই ঘটনা ঘটেছে এবং পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। একই অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারীও ।
ঘটনার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচন কমিশনের দপ্তরে যাওয়ার কারন ব্যাখ্যা করে শুভেন্দু অধিকারী বলেন,গতকাল কলকাতা হাইকোর্টের মিটিংয়ে প্রাক্তন মুখ্য সচীব গিয়েছিল । তিনি কোন হরিদাস পাল ? তাকে গ্রেপ্তার কেন করা হবে না ? তিনি বলেন,বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ঝাড়াই বাছাই করার দায়িত্ব জুডিসিয়াল অফিসারদের দেওয়ার পরে তাদেরকে লিয়াঁজ অফিসারের মাধ্যমে পুনরায় তোলার চেষ্টা করা হয় । কিন্তু লিয়াঁজ অফিসার নিয়োগের কোনো উপায় নেই । সেক্ষেত্রে জামাতিরা(তৃণমূল) দ্বিতীয় পন্থা নিয়েছে । তিনি বলেন,অনুপ্রবেশকারীদের নাম তোলার জন্য প্রভাব খাটানোর প্রমান স্বরূপ একটি অডিও ক্লিপ আমরা সিইও-র কাছে জমা দিয়েছি।।

