এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৫ ফেব্রুয়ারী : দিল্লিতে ইন্ডি জোটের কেন্দ্র সরকার বিরোধী বিক্ষোভ সমাবেশে যোগ দিতে গরমে হঠাৎ অসুস্থ হয়ে বাসের সিটে বসে কাউকে ‘ফ্লাইং কিস’ দেওয়া তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের ভিডিও খুব ভাইরাল হয়েছিল । তবে মহুয়া তার এক ‘চোখ মেরে’ কাকে ‘ফ্লাইং কিস’ দিয়েছিলেন তা স্পষ্ট নয়৷ এবারে তৃণমূলের এক বিধায়ক দলেরই এক মহিলা কর্মীকের দিকে ‘ফ্লাইং কিস’ দেওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তিনি বারবার এই ঘটনায় তৃণমূলকে ধিক্কার জানানোর পাশাপাশি রাজ্যের মহিলাদের “চরিত্রহীন মানুষদের বর্জনের” বার্তা দিয়েছেন ।
শুভেন্দু অধিকারী জানান, ‘ফ্লাইং কিস’ দেওয়া ব্যক্তিটি হলেন অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর। ভিডিওতে তাকে একটি অনুষ্ঠানে মহিলা পরিবেষ্টিত দেখা যায়৷ সেই সময় তিনি দু’পা পিছিয়ে গিয়ে চশমা পরা এক মধ্যবয়স্কা মহিলার মুখোমুখি হয়ে তার দিকে ‘ফ্লাইং কিস’ ছুড়ে দেন । মহিলা বিধায়কের এহেন কীর্তিতে হেসে ওঠেন । যদিও ভিডিও-এর সত্যতা যাচাই করেনি এইদিন৷
প্রতিক্রিয়ায় শুভেন্দু অধিকারী লিখেছেন,’বাহঃ রে তৃণমূল বাহঃ । মহিলাদের প্রতি তৃণমূলের আচরণ চিরাচরিত – তা সন্দেশখালিতে তৃণমূলের নেতা দ্বারা অত্যাচারিত মা বোন হোক বা তৃণমূলের মন্ত্রী দ্বারা রাষ্ট্রপতির অপমান বা বোলপুর থানার আইসি-র স্ত্রী ও মা-কে জড়িয়ে অশ্লীল ও অশোভনীয় মন্তব্য, কিংবা কসবা ল’কলেজে তৃণমূল নেতার কীর্তি সবেতেই তৃণমুল এগিয়ে। লিস্ট লম্বা হবে সব তথ্য দিতে গেলে।’
তিনি জানান,নিচে দেওয়া ভিডিওটি গত ২৪শে ফেব্রুয়ারির অশোকনগরের। ওখানকার কীর্তিমান বিধায়ক নারায়ণ গোস্বামী ওনার দলের মহিলা কর্মীর দিকে অশ্লীল অঙ্গ ভঙ্গি করছেন যা দৃশ্যমান।’ এরপর তিনি রাজ্যের মহিলাদের উদ্দেশ্যে বলেন,’আমি পশ্চিমবঙ্গের মা বোনেদের বলবো আগামীদিনে এই চরিত্রহীন মানুষদের বর্জন করতে এগিয়ে আসুন। একটা সুস্থ সমাজ গড়ে তুলতে এই নির্লজ্জ সরকারকে ঝাঁটিয়ে বিদায় দিন।সময় এসেছে মা ভবানীর রূপ ধারণ করার।’
উল্লেখ্য,এর আগেও বিতর্কিত মন্তব্যের জন্য সমালোচিত হয়েছিলেন অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী । সন্দেশখালি কান্ডে তিনি মন্তব্য করেছিলেন,’যেসব মহিলা ক্যামেরার সামনে আসছে তারা ধবধবে ফরসা,আদিবাসীদের গায়ের রঙ দেখে বোঝা যায় ।’ তার এই মন্তব্যের তীব্র সমালোচনা করে বিজেপি ।।
