এইদিন ওয়েবডেস্ক,নদীয়া,০৯ ফেব্রুয়ারী : হর্ন দেওয়ার পরও পথ না ছাড়ায় পড়ুয়াদের পেটানোর অভিযোগ উঠল নদীয়ার করিমপুরের তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহ রায়ের বিরুদ্ধে । এরই প্রতিবাদে রবিবার রাতে মুরুটিয়া থানার বলিয়াডাঙ্গা গ্রামে বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভ দেখান ছাত্র-ছাত্রী ও স্থানীয় বাসিন্দারা । খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয় ।
রবিবার সন্ধ্যায় মুরুটিয়া থানার বালিয়াডাঙায় কর্মসূচি সেরে বাড়ি ফিরছিলেন তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহ রায় । সেই সময় প্রাইভেট টিউশন পড়ে বাড়ি ফিরছিল বেশ কয়েকজন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী । অভিযোগ যে বিধায়কের গাড়ি বারবার হর্ন বাজানো সত্ত্বেও পড়ুয়ারা পথ ছাড়েনি । এরপরই গাড়ি থেকে নেমে আসেন বিধায়ক। পড়ুয়াদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি । বচসার মাঝেই তিনি পড়ুয়াদের চড়থাপ্পড় মারেন এবং তাদের অকথ্য ভাষায় গালিগালাজও করেন বলে অভিযোগ।
এদিকে পড়ুয়ারা বাড়ি ফিরে এসে ঘটনার কথা অবিভাবকদের জানালে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় । উত্তেজিত জনতা ও ছাত্র-ছাত্রীরা বিধায়কের বাড়ির সামনে জড়ো হয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের দাবি যে বিধায়ককে সবার সামনে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে । যদিও পুরো ঘটনার দায় বিজেপির ঘাড়ে চাপিয়ে দিয়ে ক্ষমা চাইতে অস্বীকার করেন তৃণমূল বিধায়ক। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে ।
উল্লেখ্য,তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহ রায় ১৯৮৫ সালে তিনি মুড়াগাছা হাইস্কুলে শিক্ষক হিসাবে যোগ দেন। ২০০০ সালে প্রধান শিক্ষক হন। ২০১৩ সালে শিক্ষারত্ন ও ২০১৭ সালে রাষ্ট্রপতি পুরস্কার পান। ২০২১ সালের বিধানসভার ভোটে করিমপুর আসনে তাকে টিকিট দেয় তৃণমূল । তিনি ২৪ হাজারের কিছু বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করেন । কিন্তু বিধানসভার ভোটের ঠিক মুখেই বিধায়কের পড়ুয়াদের পেটানোর ঘটনায় তৃণমূল প্রতি ক্ষোভে ফুঁসছে এলাকার বাসিন্দারা ।।

