এইদিন ওয়েবডেস্ক,হলদিয়া,০৯ এপ্রিল : “নন্দীগ্রামের দেখানো পথেই ভবানীপুর সহ গোটা রাজ্যে পরিবর্তন আসবে” বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ আজ বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের হলদিয়ার মাখনবাবুর বাজারে আয়োজিত নির্বাচনী জনসভায় মানুষের ভিড় দেখে উচ্ছ্বসিত মোদী বলেন,’এই ভিড়ই প্রমান করছে যে রাজ্যে পরিবর্তনের হাওয়া বইছে । পাঁচ বছর আগে নন্দীগ্রাম যেভাবে পরিবর্তনের পথ দেখিয়েছিল, এবার তার পুনরাবৃত্তি হতে চলেছে ভবানীপুরে,সেই সাথে গোটা রাজ্যে ৷’
প্রধানমন্ত্রী বলেন,’রাজ্যের সার্বিক উন্নয়নের জন্য কেন্দ্র ও রাজ্যে একই দলের সরকার থাকা জরুরি । প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী এক সঙ্গে মিলে কাজ করলেই বাংলার প্রকৃত লাভ হবে। তাই রাজ্যে এবার চাই ডবল ইঞ্জিন সরকার ।’ তিনি বলেন,’দেশ যখন দ্রুত গতিতে এগোচ্ছে, তখন এই নির্মম সরকার বাংলাকে পিছিয়ে দিয়েছে। হলদিয়ার মতো শিল্পাঞ্চলের কারখানায় আজ তালা ঝুলছে। এই সরকার রাজ্যের যুব সমাজকে কেবল ধোঁকাই দিয়েছে। বিজেপি শাসিত রাজ্যগুলোতে নিয়মিত রোজগার মেলা হয়। বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর এখানেও কর্মসংস্থানের জন্য রোজগার মেলা শুরু হবে। যার যা প্রাপ্য অধিকার, বিজেপি সরকার ঠিক সেটাই তাদের হাতে পৌঁছে দেবে।’
প্রধানমন্ত্রী এদিন জনতাকে আশ্বস্ত করে বলেন, ‘সাধারণ মানুষের অধিকার রক্ষা করাই মোদীর গ্যারান্টি। বিজেপি সরকার গঠন করলে রাজ্যে সম্পূর্ণভাবে সংবিধান মেনে কাজ করা হবে এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।’
আজ হলদিয়ার মাখনবাবুর বাজারে প্রধানমন্ত্রীর সভায় যথারীতি মানুষের ঢল নামে । প্রধানমন্ত্রী মঞ্চে উপস্থিত হতেই “মোদী মোদী” শ্লোগান ওঠে । প্রধানমন্ত্রীর জন্য উপহার স্বরূপ আনা হাতে আঁকা ছবিগুলি তিনি এসপিজি কম্যান্ডোদের দিয়ে সংগ্রহ করান ।।
