এইদিন ওয়েবডেস্ক,শিলিগুড়ি,১১ ফেব্রুয়ারি : শিলিগুড়ির মাটিগাড়ায় ত্রিকোণ প্রেমের জেরে দশম শ্রেণির ছাত্রকে খুনের ঘটনায় গ্রেপ্তার হয়েছে ঘাতক যুবক । পুলিশ জানিয়েছে, ধৃতের নাম কাজল পাসওয়ান ওরফে রাজ । মঙ্গলবার গভীর রাতে এনজিপি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় । পাশাপাশি শুভজিৎ মোদক নামে ওই কিশোরকে শ্বাসরোধ করে খুনে ব্যবহৃত বেল্টটিও উদ্ধার করেছে পুলিশ । আজ বুধবার ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হয় । সেই সময় ক্ষিপ্ত জনতা ঘাতক যুবকের উপর হামলা চালায় । যদিও পুলিশ কর্মীদের তৎপরতায় অভিযুক্তকে সুরক্ষিতভাবে আদালতের ভেতরে নিয়ে যাওয়া হয়। পুলিশের আবেদনের ভিত্তিতে ধৃতকে ৫ দিনের জন্য পুলিশ হেফাজত মঞ্জুর করেছেন বিচারক৷
মাটিগাড়ার শিমুলতলা এলাকায় বাড়ি মৃত শুভজিৎ মোদকের৷ গত শনিবার থেকে নিখোঁজ ছিল ওই কিশোর । সোমবার গভীর রাতে শুকনার জঙ্গল থেকে তার দেহ উদ্ধার করা হয় । ঘটনার পর থেকেই ফেরার ছিল মূল অভিযুক্ত কাজল পাসওয়ান । এদিকে কিশোরের মৃতদেহ উদ্ধারের পর পরিবারের লোকজন এবং এলাকার বাসিন্দারা পথ অবরোধ করে অভিযুক্তের ফাঁসির দাবি তোলে । অবশেষে গতকাল রাতে মূল অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ । আজ ধৃতকে আদালতে পেশের সময় হামলা চালালো মৃতের পরিবার পরিজন ও প্রতিবেশীরা৷ যদিও বিশাল সংখ্যায় র্যাফ এবং পুলিশ মোতায়েন থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি । অভিযুক্তের ফাঁসির দাবি তোলেন মৃতের পরিবার ও স্থানীয়রা।পুলিশ বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করলেও পরিবারের সদস্যরা বিক্ষোভ অব্যাহত রাখে। পরে যদিও বিক্ষোভকারীদের আদালত চত্বর থেকে বের করে দেওয়া হয়।।

