এইদিন আন্তর্জাতিক ডেস্ক,২১ ফেব্রুয়ারী : পূর্ব লেবাননের বেকা উপত্যকা অঞ্চলের বালবেক- হারমেল (Baalbek-Hermel) গভর্নরেটের তেমনাইন এট তাহতা (Temnine Et Tahta) লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলা চালিয়েছে । আইডিএফ জানিয়েছে যে হামলায় “হিজবুল্লাহ কমান্ড সেন্টার” ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১০ জন সন্ত্রাসীকে নিকেশ করেছে । যদিও স্থানীয় গণমাধ্যম জানিয়েছে যে কমপক্ষে ৬ জন নিহত এবং ১৫ জনেরও বেশি আহত হয়েছে।
তবে লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার পূর্ব ও দক্ষিণ লেবাননে ‘ইসরায়েলি’ বিমান হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে, যেমন ‘ইসরায়েলি’ সামরিক বাহিনী দাবি করেছে যে হিজবুল্লাহ এবং তার মিত্র হামাসকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে যে দেশটির পূর্বে হামলায় নিহতদের মধ্যে তাদের একজন সিনিয়র কমান্ডারও রয়েছে । এক বিবৃতিতে, গোষ্ঠীটি “কমান্ডার হুসেইন মোহাম্মদ ইয়াঘি সাদেক”-এর মৃত্যুর কথা ঘোষণা করেছে।
‘ইসরায়েলি’ সামরিক বাহিনী জানিয়েছে যে তারা বালবেক অঞ্চলে হিজবুল্লাহর “সদর দপ্তর”-এ হামলা চালিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ‘ইসরায়েলি’ হামলায় দেশের বৃহত্তম ফিলিস্তিনি শরণার্থী শিবিরও লক্ষ্যবস্তু করা হয়েছে, যেখানে দুইজন নিহত হয়েছে।
প্রসঙ্গত,হিজবুল্লাহর সাথে এক বছরেরও বেশি সময় ধরে শত্রুতা চলার পর ২০২৪ সালের নভেম্বরে চুক্তিবদ্ধ যুদ্ধবিরতি সত্ত্বেও ‘ইসরায়েল’ লেবাননে প্রায় প্রতিদিনই হামলা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ লেবানন কর্তৃপক্ষের । তবে ইসরায়েল অভিযোগ করেছে যে সন্ত্রাসী গোষ্ঠী হিজবুল্লাহই প্রথম যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ।।

