এইদিন ওয়েবডেস্ক,তেহেরান,১৫ জুন : আজ রবিবার ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ তেহরানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জেলায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইরানি মিডিয়া এবং প্রত্যক্ষদর্শীদের ভিডিও অনুসারে, ফাতেমি স্কয়ার, জান্নাত আবাদ, ভালিয়াসর, শুশ এবং আলাদিন মলের আশেপাশে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একজন প্রত্যক্ষদর্শী ইরান ইন্টারন্যাশনালকে জানিয়েছেন যে জান্নাত আবাদে কয়েক মিনিট আগে আঘাত হানা হয়েছে, অন্যদিকে তাসনিম ভালিয়াসর স্কয়ারের কাছে একটি বিস্ফোরণের খবর দিয়েছে৷ খবর অনলাইন জানিয়েছে যে তেহরানের মধ্যাঞ্চলে দুটি বড় ধরণের প্রজেক্টাইল আঘাত হেনেছে এবং দিদবান ইরান জোমহৌরি এবং হাফেজ রাস্তার কাছে ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছে। ইসরায়েল জানিয়ে যে আরও মারাত্মক হামলা হবে৷ সেজন্য ইরানের সামরিক স্থাপনার কাছে থাকা বেসামরিক নাগরিকদের সরে যেতে সতর্ক করেছে ইসরায়েল।
প্রতিবেদন অনুযায়ী,আজ রবিবার তেহরানে পূর্ব থেকে পশ্চিম এবং উত্তর থেকে দক্ষিণে ইসরায়েলি বিমান হামলা চালানো হয়েছে, নিয়াভারান, আজাদি স্টেডিয়াম, কেশাভার্জ বুলেভার্ড এবং নিরু হাভাই জেলায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
ইরান ইন্টারন্যাশনালের সাথে শেয়ার করা ফুটেজে দেখা গেছে যে সরাসরি আঘাতের পর কেশাভার্জ বুলেভার্ড থেকে ঘন ধোঁয়ার কুন্ডলী উড়ছে।তেহরানের আজাদী স্টেডিয়ামের কাছে একটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে । অন্যদিকে তাসনিম নিউজ এজেন্সি পূর্ব নিরু হাভাই এলাকায় একটি হামলার বিষয়টি নিশ্চিত করেছে। ইসরায়েলের সাম্প্রতিক হামলার কারণে বেশ কয়েকটি জেলা কাঁপছে, তাই তেহরানের আকাশ এখন কালো ধোঁয়ায় ঢাকা।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, রবিবার ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া’ আল-সুদানির সাথে ফোনে আলাপকালে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে আরও বেদনাদায়ক এবং জোরালো প্রতিক্রিয়া দেখাবে।তিনি বলেন,’আমরা এই যুদ্ধ শুরু করিনি, কিন্তু আমরা দৃঢ়ভাবে প্রতিক্রিয়া জানিয়েছি ।’
পেজেশকিয়ান ইরাকি আকাশসীমা ব্যবহার করে ইরানি ভূখণ্ডে ইসরায়েলের হামলাকে স্পষ্ট আগ্রাসন বলে অভিহিত করেছেন এবং বাগদাদকে তার আকাশসীমা আরও ভালোভাবে সুরক্ষিত করার আহ্বান জানিয়েছেন।।

