প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১০ মার্চ : তৃণমূলকে দেখে শুধু হাসবেন। প্রেসার নেবেন না, প্রেসার দেবেন।নারী মুখ্যমন্ত্রীর শাসনে নারীরা সুরক্ষিত নয়।আইনশৃঙ্খলা নেই। তৃণমূল যাচ্ছে। কোনওভাবেই টিকতে পারবে না।ভোট চুরির আর সুবিধা পাবে না। দেখুন আগে কী হয়। সোমবার রাত ৮ টা নাগাদ বর্ধমানের কার্জনগেট চত্ত্বরে হওয়া বিজেপির সভায় নিজের বক্তব্যে এমনটাই দাবি করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। একই সঙ্গে তিনি বলেন, ‘ত্রিপুরা এখন হাসছে। সিপিএমের ভূত ঢুকে গিয়েছে তৃণমূলের ভিতর। ভয় পাবেন না। শক্তি সঞ্চয় করে এগিয়ে যেতে হবে ।’
বিজেপির পরিবর্তন যাত্রার রথ এদিন পূর্ব বর্ধমান জেলার মেমারি,জামালপুর ও রায়না পরিক্রমা করে সন্ধ্যার পর বর্ধমান শহরে কার্জনগেট চত্বরে পৌঁছায়। রথ থেকে নেমে বিজেপি নেত্রী তথা প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ যোগ দেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার সভায়। সভায় উপস্থিত থাকা দলীয় নেতা ও কর্মীদের উদ্দেশ্যে মানিক সাহা বলেন, ‘আমাদেরকে সঙ্কল্প নিতে হবে, তৃণমূল সরকারকে উৎখাত করতে হবে। বিপ্লবের মাটি, ভক্তেরও মাটি। বাংলার ধর্মীয় উৎসব করতে বাধা পেতে হচ্ছে, অদ্ভুত। দাঙ্গায় মৃতদের নাম, দাঙ্গার জায়গায় নাম। তোষন আর অবিচার মানব না। সন্ত্রাস,দুর্নীতির সরকারকে সরাতে হবে। এটা শুধু নেতাদের বললে হবে না। বাড়ি বাড়ি গিয়ে বোঝাতে হবে।’
বাংলায় চলা এস আই আর প্রসঙ্গ সামনে এনে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন,’এস আই আর নিয়ে কোনও জায়গাতে সমস্যা নেই। পশ্চিমবঙ্গে কেন?বাংলাদেশ না বানানোর জন্য লড়াই করতে হবে।তৃণমূল অসভ্য বর্বর দল। ধর্না নিয়ে নাটক চলছে। সুপ্রিম কোর্টে গেলেন ,আবার ধর্নায়?’ সভা শেষে সাংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মানিক সাহা বলেন,“এবার এই রাজ্যে (পশ্চিববঙ্গে) পরিবর্তন হবেই। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে নিশ্চিত। প্রপারওয়েতে নির্বাচন হবে বলে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা মন্তব্য করেন। তিনি এও বলেন,মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। এখানে মহিলারা সুরক্ষিত নন। এবার পরিবর্তন হবেই। বিজেপি বাংলায় ক্ষমতায় আসবে। ভোট ঠিকঠাক হবে।তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও গৃহ মন্ত্রী এই বিষয়ে নজর রাখছেন।।

