এইদিন ওয়েবডেস্ক,মালদা,২৩ ফেব্রুয়ারী : রবিবার রাতভর নিখোঁজ থাকার পর আজ সোমবার সকালে মাঝমাঠে ধানক্ষেত থেকে উদ্ধার হল পুরাতন মালদার এক আদিবাসী যুবকের নিথর দেহ । পুলিশ জানিয়েছে, মৃতের নাম মাতাল টুডু (৩৫) । তার বাড়ি ভাবুক অঞ্চলের পাঁচপুকুর গ্রামে । আজ সকালে পুরাতন মালদা ব্লকের যাত্রাডাঙ্গা অঞ্চলের রঞ্জকালী ব্রীজ সংলগ্ন এলাকায় ধানজমিতে তার মৃতদেহটি চিৎ হয়ে পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা । জানা গেছে,ওই যুবক মৃগী রোগে আক্রান্ত ছিলে । তার জেরেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে । পুলিশ মৃতদেহটি মালদা জেলা হাসপাতালে পাঠিয়েছে ।
জানা গেছে,পাঁচপুকুর গ্রামের বাসিন্দা মাতাল টুডু খেতমজুরি করতেন । অনান্য দিনের মত গতকাল সকাল প্রায় দশটা নাগাদ জমিতে কাজ করতে বাড়ি থেকে বের হন৷ কিন্তু তারপর তিনি আর বাড়ি ফেরেননি । পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি । অবশেষে রঞ্জকালী ব্রীজ সংলগ্ন এলাকায় ধানজমির মধ্যে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় । পরে মালদা থানার পুলিশ পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় । একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রজু করেছে পুলিশ ।।

