এইদিন ওয়েবডেস্ক,কোচবিহার,০৮ এপ্রিল : কোচবিহারের মাথাভাঙ্গায় অনুপ্রবেশের সময় গুলিতে খতম হওয়া আলী হোসেন (৪৫) নামের এক বাংলাদেশি চোরাচালানকারীর মৃতদেহ ১৭ ঘণ্টা পর ফিরিয়ে দিল বিএসএফ । বুধবার রাত ৯টার দিকে বাংলাদেশের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি বিওপি সীমান্তের পিলার ৮৬৮/৩ এলাকা দিয়ে বাংলাদেশ পুলিশের সহায়তায় খতম দুষ্কৃতীর দাদা আনোয়ার হোসেনের কাছে দেহ হস্তান্তর করে ভারতের মাথাভাঙ্গা থানার পুলিশ। সেই সময় ধবলগুড়ি বিওপি কমান্ডার সুবেদার আমিরুল ইসলাম এবং বিএসএফের ১৫৬ ব্যাটালিয়নের শ্রীমুখ কোম্পানি কমান্ডার এসি রাজেশ কুমার যাদব উপস্থিত ছিলেন।
এর আগে আজ বুধবার ভোররাত প্রায় ৩টার দিকে মাথাভাঙ্গার স্থানীয় চোরাচালানিদের সহায়তায় বাংলাদেশের ৭-৮ জনের একটি দুষ্কৃতীদল শূন্যরেখায় পেরিয়ে ভারতে অবৈধভাবে ঢুকে পড়ে । বিএসএফ তাদের সতর্ক করে এবং ফিরে যাওয়ার নির্দেশ দেয় । কিন্তু বাংলাদেশি দুষ্কৃতীদের দলটি বিএসএফ-কে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে৷ তাদের ছত্রভঙ্গ করতে বিএসএফ প্রথমে ফাঁকা গুলি ছোড়ে। পরে দলটি প্রায় ৫০০ গজ ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফ আবার গুলি চালায়। এতে আলী হোসেন নামে ওই দুষ্কৃতী নিকেশ হয় । তবে অন্যরা পালিয়ে যায়৷ এরপর বিএসএফ মৃত দুষ্কৃতকারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ।
এই ঘটনার পর বুধবার দুপুরে বাংলাদেশের ধবলগুড়ি সীমান্তের ৮৭৪/৫-এস নম্বর পিলার এলাকায় দু’দেশের কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফের পক্ষে ১৫৬ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট সৌরভ ও বিজিবির পক্ষে ৬১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট ফজলে মুনীম নেতৃত্ব দেন৷ পতাকা বৈঠকের মাধ্যমে দুষ্কৃতীর দেহ ফিরিয়ে দেওয়া হয় ।।
