এইদিন স্পোর্টস নিউজ,২৬ মার্চ : বেঙ্গালুরুতে পদদলিত হয়ে নিহত ১১ জনের প্রতি শ্রদ্ধা জানাতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) আইপিএল ২০২৬-এর ঐতিহ্যবাহী উদ্বোধনী অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিয়েছে। শনিবার বেঙ্গালুরুর এম চিন্না স্বামী স্টেডিয়ামে আইপিএল ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) সানরাইজার্স হায়দ্রাবাদের (এসআরএইচ) মুখোমুখি হবে। বলা হচ্ছে যে, ম্যাচের আগে কোনো উদযাপন হবে না।
প্রতিবেদন অনুসারে, আইপিএল নিয়ন্ত্রক সংস্থা ৩১শে মে একটি জমকালো সমাপনী অনুষ্ঠানের পরিকল্পনা করছে। প্রতিবেদনে বলা হয়েছে, “গত বছর আইপিএলে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়া বেঙ্গালুরুর শিরোপা উৎসব চলাকালে ৪ঠা জুন ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে, আইপিএল -২০২৬-এর উদ্বোধনী দিনে (বেঙ্গালুরুতে) কোনো আনুষ্ঠানিক কর্মসূচি থাকবে না। পদদলিত হয়ে প্রাণ হারানো আত্মাদের প্রতি শ্রদ্ধা জানাতে বিসিসিআই আইপিএলের ১৯তম আসরের শুরুতে কোনো সাংস্কৃতিক বা বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করছে না।”
তবে, বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছেন যে, বিসিসিআই এবং আইপিএল নিয়ন্ত্রক সংস্থা আইপিএলের সমাপনী দিনে (৩১ মে) একটি জমকালো বিনোদনমূলক অনুষ্ঠানের পরিকল্পনা করছে।
শুধু যে এবারই আইপিএলে উদ্বোধনী অনুষ্ঠান বাতিল হচ্ছে, এমন নয়। এর আগে ২০১৯ সালে পুলওয়ামা হামলায় প্রায় ৪০ জন নিহত হওয়ার ঘটনায় সেবার টুর্নামেন্ট শুরুর আগে কোনো অনুষ্ঠান হয়নি। তখন বোর্ডের দায়িত্বে ছিল সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরস। আর ওই উদ্বোধনী অনুষ্ঠানের জন্য বরাদ্দকৃত অর্থ নিহতদের পরিবারকে দান করা হয়েছিল। অবশ্য গত বছরে কলকাতার ইডেন গার্ডেন্সে এর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়েছিল, যেখানে বলিউড সুপারস্টার শাহরুখ খান, অভিনেত্রী দিশা পাটানি এবং গায়ক শ্রেয়া ঘোষাল ও করণ আউজলা উপস্থিত ছিলেন।।
