এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৬ ফেব্রুয়ারী : বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের মধ্যে পরস্পরের ‘বাবা’ তুলে ব্যক্তিগত আক্রমণকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল বিধানসভা ভবন । আজ শুক্রবার বাজেট বিতর্কের আলোচনায় বক্তব্য রাখছিলেন বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী। ওড়িশা সরকারের উন্নয়নের উদাহরণ টানার সময় মন্ত্রী উদয়ন গুহ টিপ্পনী কেটে বলেন,’ওরা তো বাঙালিদের মারছে। কিছু বলুন।’ উদয়নের এই মন্তব্যে পাল্টা আসরে নামেন শুভেন্দু অধিকারী। তিনি সরাসরি উদয়ন গুহকে লক্ষ্য করে বলেন, ‘আপনি তো আপনার বাবাকেই চোর বলেছিলেন ।’ এই মন্তব্যের তুমুল হইহট্টগোল শুরু করে তৃণমূল শিবির । এর মাঝে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও বিতর্ক থামেনি।
উদয়ন গুহ পাল্টা বলেন, ‘আমার বাবা কমল গুহ সাতবার বিধায়ক ছিলেন, ১৯ বছর মন্ত্রী ছিলেন। বাবার কিছু রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা আমি করেছিলাম, কিন্তু শুভেন্দু প্রমাণ করে দিক যে আমি আমার বাবাকে চোর বলেছি ।’ এরপরই তিনি শুভেন্দুকে ব্যক্তিগত আক্রমণ করে বলেন, ‘আপনি তো শিশিরবাবুর ছেলে। কিন্তু নিজেকে বলেন মোদীর ব্যাটা। তাহলে আপনি আসলে কার ছেলে?’ তার এই মন্তব্যের পর ক্ষোভে ফেটে পড়ে গেরুয়া শিবির । বিজেপি বিধায়করা আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে স্লোগান দিতে শুরু করেন। পালটা স্লোগান দেয় তৃণমূলও । এরপর বিজেপি বিধায়করা বিধানসভার বাইরে এসে তুমুল বিক্ষোভ দেখায় । দুই পক্ষের স্লোগান এবং হট্টগোলের কারণে অধিবেশন কার্যত অচল হয়ে পরে। শেষ পর্যন্ত স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান যে এই বিতর্কে দুই নেতার করা কোনও মন্তব্যই বিধানসভার কার্যবিবরণী বা রেকর্ডে রাখা হবে না। আজ বিধানসভার অধিবেশনে সৌজন্যের সমস্ত সীমা ছাড়িয়ে পরস্পরের ‘বাবা’ তুলে ব্যক্তিগত আক্রমণের ঘটনায় নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহল থেকে৷
প্রতিবেদন : এইদিন https://eidin.in

