এইদিন ওয়েবডেস্ক,ফরিদাবাদ,০৯ ফেব্রুয়ারী : হরিয়ানার ফরিদাবাদ জেলা কারাগারে বন্দি অযোধ্যার রাম মন্দিরে হামলার ষড়যন্ত্রকারী সন্ত্রাসী আব্দুল রেহমানকে কুপিয়ে খুন করল তার এক সহবন্দী । রবিবার (৮ই ফেব্রুয়ারি) সন্ধ্যায়, ধারালো অস্ত্র ব্যবহার করে অরুণ চৌধুরী নামে এক ব্যক্তি সন্ত্রাসীকে হত্যা করেছে বলে জানা গেছে । প্রতিবেদন অনুযায়ী,কাশ্মীরের বাসিন্দা অরুণ চৌধুরী অস্ত্র দিয়ে আব্দুর রহমানের মাথায় আঘাত করে, যার ফলে সন্ত্রাসী গুরুতর আহত হয় । এরপর তাকে দ্রুত একটি মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। হত্যার উদ্দেশ্য এখনও জানা যায়নি ।
প্রসঙ্গত,অযোধ্যার রাম মন্দিরে সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগে গত বছরের মার্চ মাসে গুজরাট সন্ত্রাসবিরোধী স্কোয়াড (ATS) এবং হরিয়ানা স্পেশাল টাস্ক ফোর্স (STF) এর যৌথ অভিযানের সময় আব্দুল রেহমানকে গ্রেপ্তার করা হয়েছিল। ওই ইসলামিক সন্ত্রাসীর কাছে দুটি গ্রেনেড পাওয়া গিয়েছিল, যা পরে বোমা নিষ্ক্রিয়কারী দল নিষ্ক্রিয় করে। পাকিস্তানের আইএসআই-এর সাথে যুক্ত সন্ত্রাসীদের কাছ থেকে বোমাগুলি সংগ্রহ করা হয়েছিল বলে তদন্তকারী দল জানতে পারে । তদন্তকারীরা রাম মন্দিরের ছবি এবং ভিডিও এবং হিন্দু মন্দিরে আক্রমণের নির্দেশাবলী সহ ইলেকট্রনিক সামগ্রীও উদ্ধার করে তার কাছ থেকে ।
জানা যায় যে আব্দুল ভুয়া পরিচয় দিয়ে ফরিদাবাদে বাস করত এবং পুলিশের চোখে ধুলো দিতে অটোরিকশা চালক হিসেবে কাজ করত। তদন্তকারীরা জানতে পেরেছেন যে তাকে উত্তর প্রদেশের রাম মন্দির এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভবনের রেইকি করার দায়িত্ব দেওয়া হয়েছিল। তার গ্রেপ্তারের পর, স্লিপার সেল, সহায়তাকারী এবং লজিস্টিক সমর্থকদের সনাক্ত করার জন্য একটি ব্যাপক তদন্ত শুরু করা হয়েছিল।।

