এইদিন ওয়েবডেস্ক,শিলিগুড়ি,২৩ মার্চ : উত্তরবঙ্গের শিলিগুড়িতে এক কিশোরীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে । ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের দূর্গানগরের গুরুং বস্তি এলাকায় ৷ আজ সোমবার ভোরে শোবার ঘরে কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার হলে ক্ষিপ্ত পরিবার পরিজন ও প্রতিবেশীরা মৃতার প্রেমিকের বাড়িতে হামলা চালায়৷ ভাঙচুর করা বাড়ির জিনিসপত্র । খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় আধা সামরিকবাহিনী ।
জানা গেছে,মৃতা নাবালিকার প্রেমিক পেশায় শিক্ষক৷ সে বিবাহিত৷ বাড়িতে রয়েছে স্ত্রী ও তিন সন্তান । মেয়েটিকে টিউশন পড়াত ওই যুবক । সেই সূত্রে দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে । জানা গেছে,সাম্প্রতিক সময়ে যুবককে বিয়ের জন্য চাপ দিচ্ছিল মেয়েটি । এনিয়ে দু’জনের মধ্যে ঝামেলার সৃষ্টি হয় । তার জেরেই কিশোরী আত্মঘাতী হয়েছে বলে অভিযোগ মৃতার পরিবারের ।
জানা গেছে,আজ ভোরে কিশোরীকে নিজের ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখে পরিবারের লোকজন । তাকে নামিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু চিকিৎসকরা মেয়েটিকে মৃত বলে ঘোষণা করেন । এরপরেই ক্ষিপ্ত পরিবার পরিজন ও স্থানীয় বাসিন্দারা মেয়েটির প্রেমিকের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালায় ।।
