এইদিন ওয়েবডেস্ক,গুসকরা(পূর্ব বর্ধমান),১২ ফেব্রুয়ারী : বামপন্থীদের ডাকা শিল্প ধর্মঘটের সমর্থনে প্রচারের সময় সিপিএম ও তৃণমূলের ক্যাডারদের হাতাহাতির ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হল পূর্ব বর্ধমান জেলার গুসকরায় । আজ বৃহস্পতিবার গুসকরা শহরে শিরীষতলার কাছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা খোলা থাকায় গেটের সামনে সিপিএমের লোকজন স্লোগান দেওয়ার সময় তৃণমূলের কিছু লোকজন এসে প্রতিবাদ করলে দু’পক্ষের মধ্যে তুমুল বাকবিতণ্ডা বেধে যায়৷ ক্রমে তা হাতাহাতিতে গড়ায় । যদিও দু’দলের বর্ষীয়ান নেতাদের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি ।
সিপিএম শ্রমিক নেতা সুব্রত মজুমদারের অভিযোগ গুসকরা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি মল্লিকা চোংদার দলের লোকজন সঙ্গে এনে বিনা প্ররোচনায় তাদের উপর চড়াও হয়ে হামলা চালায় । অন্যদিকে মল্লিকা চোংদারের পাল্টা অভিযোগ সিপিএমের কর্মীদের যখন বলা হচ্ছিল ব্যাঙ্কের স্বাভাবিক কাজকর্মে বাধা না দিতে তখন সিপিএমের লোকজন মারমুখী হয়ে ওঠে৷ আমাদের জেলা কমিটির সদস্য প্রদীপ কোনারকে হেনস্তা করেন। তৃণমূল কাউকে নিগ্রহ করেনি । ওরা মিথ্যা কথা বলছে ।।

