পারমিতা দত্ত,কালনা(পূর্ব বর্ধমান),২৬ ফেব্রুয়ারী : ফের বোমাতঙ্ক ছড়াল রাজ্যের ডাক বিভাগের পার্সপোর্ট সেবাকেন্দ্রগুলিতে । আজ বৃহস্পতিবার বোমাতঙ্কের জেরে বালুরঘাট পোস্ট অফিস খোলার কিছুক্ষণ পরেই খালি করে দেওয়া হয় । একই চিত্র দেখা গেল মালদা জেলার ইংরেজ বাজারের মকদুমপুর পোস্ট অফিসেও । এদিকে রাজ্যে বারবার বোমাতঙ্ক ছড়ানোর ঘটনাকে “উদ্দেশ্যপ্রণোদিত” আখ্যা দিয়ে শাসকদল তৃণমূল কংগ্রেসের দিকে ইঙ্গিত করলেন বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ ।
জানা গেছে,দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে ভারতীয় ডাক বিভাগের বালুরঘাট হেড পোস্ট অফিসে আরডিএক্স মজুত ও নির্দিষ্ট সময়ে বিস্ফোরণের হুমকি ইমেল আসার পর ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয় । সতর্কবার্তা আসে যে যেসব পোস্ট অফিসে পাসপোর্ট সেবা কেন্দ্র রয়েছে, সেখানে জঙ্গিরা আগে থেকেই আরডিএক্স রেখে এসেছে এবং দুপুর ১২.৩০টা থেকে ২.৩০টার মধ্যে একে একে ডিনামাইট বিস্ফোরণ ঘটানো হতে পারে।
খবর পেয়ে পোস্ট মাস্টার সুবল চন্দ্র বিশ্বাস পুলিশে জানান। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও বোম্ব স্কোয়াড গোটা বিল্ডিং খালি করে তল্লাশি শুরু করে। আনা হয় স্নিফার ডগও। আশপাশে জড়ো হওয়া সাধারণ মানুষকে মাইকে ঘোষণা করে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়। ডিএসপি (হেডকোয়ার্টার) বিক্রম প্রসাদ জানান, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আতঙ্কিত না হওয়ার আবেদন করা হয়েছে । তবে শুধু বালুরঘাট নয়,ইংরেজ বাজারের মকদুমপুর সহ রাজ্যের পোস্ট অফিসগুলিতে ছড়ায় বোমাতঙ্ক । ফলে চুড়ান্ত দুর্ভোগে পড়তে হয় গ্রাহকদের ।
আজ পূর্ব বর্ধমান জেলার কালনায় দলীয় কর্মসূচিতে এসে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন,’আমার মনে হয় এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঘটানো হচ্ছে । রাজ্য সরকারের নিজস্ব ইন্টেলিজেন্স আছে,এখনো পর্যন্ত রাজ্য সরকার এই ঘটনায় কাউকে ধরেনি । প্রাক্তন আইপিএস রাজীব কুমারকে মুখ্যমন্ত্রী প্রধান সচিব হিসাবে রেখেছেন, আমার মনে হয় যে তিনি উদ্যোগী হলে দ্রুত ধরা পড়ত । আসলে, রাজ্য সরকার ভোট পিছিয়ে দেওয়ার জন্য এটা করছে না তো ?’
উল্লেখ্য, গতকাল পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা এলাকায় বিজেপি কর্মীর উপর হামলার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে । দলীয় কর্মীদের উপর হামলার জন্য স্থানীয় তৃণমূল বিধায়ক ও রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথকে অভিযুক্ত করে সৌমিত্র খাঁ বলেন, ‘স্বপন দেবনাথকে খুব শিগগিরই প্রাক্তন এমএলএ লিখতে হবে। তাই তিনি মারধর করে, ভয় দেখাতে চাইছেন। মানুষ খুব শিগগিরই আপনাকে বিদায় দেবে।’ পাশাপাশি তিনি নির্বাচন কমিশনের কাছে দাবি জানান যে অবিলম্বে কাটোয়া ও কালনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক ।।

