প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১২ এপ্রিল : এস আই আর (SIR)সর্বনাশ। সবচেয়ে বিগ স্ক্যাম। স্লো ভোটিং, স্লো কাউন্টিং বিজেপির প্ল্যান। আজ রবিবার পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে নির্বাচনী প্রচার সভা থেকে এভাবেই একযোগে নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একই সাথে এদিন তিনি খণ্ডঘোষ থেকে ঘোষণা করেন,এবারও তৃণমূলই জিতবে বাংলা। আগামী দিন তাঁরা দিল্লিও দখল করবেন বলে জানিয়ে দেন।
খণ্ডঘোষের জনসভা থেকে এদিন চাঁচাছোলা ভাষায় কেন্দ্রের সরকার ও বিজেপিকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন “ভোটটা দয়া করে বিজেপিকে দেবেন না।মনে রাখবেন ওরা আগামী ১৫ তারিখে ডিলিমিটেশনের বিল নিয়ে আসছে।তার মানে কি জানেন ,বাংলাটাকে ওরা ভাগ করে করে যাবে নিজেদের স্বার্থে।ওরা জানেনা মানুষ ভাবে এক, হয় আর এক।ধর্মের কল বাতাসে নড়ে। এসব করে গেলেও ২৬ শে ওদের সরকার উল্টোবে। এটা চন্দ্র-সূর্য গ্রহ ,তারা বলছে। এটা সারা পৃথিবী বলছে। এটা সারা দেশ বলছে। তখন তুমি জেনে রেখো তুমি যা যা কঠোর আইন করেছ সব বদলে দেব গণতন্ত্রের ভোটের মাধ্যমে।
এনরারসি(NRC) নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,“এনআরসি করছে। কোন মানুষের জায়গা থাকবে না। আশ্রয় থাকবে না। ঠিকানা থাকবে না। সংসার থাকবে না। সব কেড়ে নেবে বিজেপি।” এর পাশাপাশি বঙ্গের এসআইআর নিয়েও তিনি সরব হন।মমতা বলেন,’এসআইআর সর্বনাশ। সবচেয়ে বিগ স্ক্যাম। এই ২৪ শের ভোটার লিস্টে মোদী সাহেব আপনি জিতেছেন। অমিতবাবু আপনিও জিতেছেন।তাহলে যদি অনুপ্রবেশকারী হয়, আপনি ২০২৪ শে যারা এসেছে,পরে এসেছে,তাঁদের সার্টিফিকেট দিচ্ছেন নাগরিকত্ব করার জন্য। আর যাঁরা ৫০ বছরে এদেশে আছে, একশ বছর এদেশে আছে তাদের নাম কেটে বাদ দিচ্ছেন । লজ্জা করে না।
বিজেপি ও কেন্দ্রের সরকাররের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন রাখেন ,“ ডিফেন্সে কটা লোক নিয়েছো, খালি আছে? তোমার রেলে গ্যাং ম্যান নেই। একটা শূন্য পদ ভর্তি করনি। তুমি বলেছিলে বছরে দু কোটি লোকের চাকরি দেবে । একটাও চাকরি দাওনি। আর বাংলায় দু-কোটি লোকের চাকরি আমরা দিয়েছি এবং মনে রাখবেন ৪০% বেকারি কমেছে এটাই সত্য।” এর পরেই বিজেপিকে নিশানা করে মমতা বলেন, “বাংলায় কথা বললে কেন আমাদের লোকেদের ওপর উড়িষ্যায়,আপনার রাজ্যে অত্যাচার হচ্ছে? কেন মধ্যপ্রদেশে অত্যাচার হচ্ছে ?রাজস্থানে অত্যাচার হচ্ছে? দিল্লিতে অত্যাচার হচ্ছে?”
তৃণমূল সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বাংলায় ১ কোটি ৩০ লক্ষ লোকের বাড়ির পাকা করে দিয়েছি। আর আগামী দিন আমরা সব কাঁচা বাড়ি পাকা করে দেবো। একটা মানুষেরও কাঁচা বাড়ি থাকবে না।। আর সবার বাড়িতে পানীয় জলের নল পৌঁছে যাবে। এটা আমাদের অঙ্গীকার। বাংলা একমাত্র রাজ্য যেখানে পেনশন পায় অন্য কোন রাজ্যে নেই।”
খণ্ডঘোষের জনসভায় উপস্থিত মানুষজনকে ভোটিং মেশিন নিয়েও এদিন সতর্ক করেন তৃণমূল সুপ্রিমো। তাঁকে বলতে শোনা যায়,“এদের প্ল্যান হল স্লো ভোটিং, স্লো কাউন্টিং, প্রথমে দেখাবে বিজেপি জিতছে।যদি দেখায় ওরা জিতছে, বুঝবেন মিথ্যে কথা বলছে। আমরাই জিতবো, তৃণমূলই জিতবে, বাংলাই জিতবে। মা বোনেরা জিতবে। কোন ক্ষমতা নেই আমাদের হারাবার। ওরা বাংলাকে করছে টার্গেট। আগামী দিন দিল্লি আমরা দখল করবো।”
