এইদিন ওয়েবডেস্ক,পূর্ব মেদিনীপুর,৩০ মার্চ : আজ সোমবার পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া মহকুমা শাসক অফিসে মনোনয়নপত্র জমা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তার সাথে মনোনয়ন জমা দিয়েছেন হলদিয়ার প্রার্থী প্রদীপ কুমার বিজলি এবং মহিষাদলের প্রার্থী সুভাষচন্দ্র পাঞ্জা । বর্ণাঢ্য শোভাযাত্রা করে আজ তিন বিজেপি প্রার্থী মনোনয়ন জমা দেন । তাদের সাথে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান,ইউপির মন্ত্রী জেপিএস রাঠোর,দিলীপ ঘোষ প্রমুখ । শোভাযাত্রায় মানুষের ঢল দেখে উচ্ছ্বসিত শুভেন্দু বলেন,’আমি ২১শের মনোনয়নের র্যালিও দেখেছি,ধর্মেন্দ্রজি বলছিলেন যে ইস বার তো তিন গুণা হোগা । আর জোশ ? মানে,লোক চাইছে এক্ষুনি গিয়ে ইভিএমএ টিপে দিতে । লোক আর এক মুহুর্তও এই অপশাসন, কুশাসন,জঙ্গলরাজ রাখতে চাইছে না । বাকিটা বৃক্ষ তুমি কে, ফলেন পরিচয় ।’
নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও প্রার্থী করায় দলের শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ জানিয়ে শুভেন্দু বলেন, ‘জেপিএস রাঠোর,দিলীপদা আমার সঙ্গ দিয়েছেন । আমি নেতৃত্বের প্রতি কৃতজ্ঞ যে তারা আমার উপর আস্থা, বিশ্বাস, ভরসা অটুট রেখেছেন । আমার বাকি কাজ জনগণকে সাথে নিয়ে সব জায়গায় পদ্মফুল ফোটানো । সেটা আমি করার চেষ্টা করব ।’
পাশাপাশি একাধিক যোগদান কর্মসূচি পালন করেছে বিজেপি । দিলীপ ঘোষ জানান,ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম বিধানসভার প্রার্থী অমিয় কিস্কুর সমর্থনে আজ বিজয় শঙ্খনাদ যাত্রায় তৃণমূল ও অন্যান্য রাজনৈতিক দলের প্রায় ৫০০ ব্যক্তি বিজেপিতে যোগদান করেছে । তিনি সোশ্যাল মিডিয়ায় এই যোগদানের তথ্য দিয়ে লিখেছেন, ‘জঙ্গলমহল হাসছে বলতে বলতে তৃণমূল পশ্চিমবঙ্গের জঙ্গলমহলের জল, জঙ্গল, মাটি সব নষ্ট করে দিচ্ছে। তাই এখানকার ভূমিপুত্ররা তৃণমূলকে একটিও ভোট দেবে না।’ পাশাপাশি এদিন নন্দীগ্রামেও যোগদান কর্মসূচি পালন করে বিজেপি । টাকাপুরায় ৯টি পরিবার এদিন বিজেপিতে যোগদান করে । উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি নেতা অরূপ জানা,পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মমতা পাত্র, শিক্ষা কর্মাধ্যক্ষ তারাপদ খাটুয়া, গনেশ বেরা সহ অন্যান্য নেতৃত্ববর্গ ।।
