এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৬ মার্চ : কলকাতার ভবানীপুর বিধানসভার আসনে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির বিরুদ্ধে এবারে প্রতিদ্বন্দ্বীতা করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামেও তাকে প্রার্থী করেছে দল । বুধবার দিনভর নন্দীগ্রামে নির্বাচনী প্রচারে ব্যস্ত ছিলেন শুভেন্দু ৷ কিন্তু ভবানীপুরের আলিপুরে এমন পরিস্থির সৃষ্টি হয় যে তাকে মধ্যরাতে সেখানে ছুটে যেতে হয় । ক্যাম্প করার জন্য একটি বাঁশ বোঝাই গাড়ি পুলিশ আটকে দিলে চরম ক্ষিপ্ত হন তিনি । ঘটনাস্থল থেকেই তিনি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে ফোন করেন । পুলিশকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা । শুভেন্দু বলেন,”শান্তনু সিনহা পাঠিয়েছে । এখানে মমতার সঙ্গে কোনো লোক নেই । খালি গোটাকতক পুলিশ আছে । এরা ভাবছে এমনই থাকবে ।” তিনি কলকাতা পুলিশকে “রেজিস্টার্ড গুন্ডা” বলে আখ্যা দেন ।
জানা গেছে, আলিপুর থানার অন্তৰ্গত অরফানগঞ্জ রোড সংলগ্ন এলাকায় বিজেপির একটি নির্বাচনী ক্যাম্প তৈরি করা হচ্ছে । সেজন্য বুধবার রাতে একটা পিক আপ ভ্যানে বাঁশ বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিল । কিন্তু আলিপুর থানার অন্তৰ্গত অরফানগঞ্জ রোড সংলগ্ন এলাকায় ওই পিক আপ ভ্যানটি আটকে দেয় পুলিশ । সেখানে বিজেপি কর্মীরা জড়ো হয়ে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করে । এদিকে খবর পেয়েই মধ্যরাতে সেখানে ছুটে যান শুভেন্দু । উপস্থিত পুলিশ আধিকারিকের প্রতি ক্ষোভ উগরে দেন তিনি ।
এরপর ঘটনাস্থল থেকেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে ফোন করে পুলিশ সুপারকে নির্দেশ দেওয়ার অনুরোধ করেন৷ বেশ কিছুক্ষণ ঘটনাস্থলেই অপেক্ষা করেন শুভেন্দু অধিকারী । অবশেষে পুলিশ বাঁশ বোঝাই গাড়িটিকে ছেড়ে দিলে তিনি ঘটনাস্থল ছেড়ে চলে যান । এই ঘটনাকে ঘিরে মাঝরাতে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা ।।
