এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০১ মার্চ : গতকাল প্রথম দফার চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন । শনিবার প্রকাশিত প্রথম দফার চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনে । খসড়া তালিকায় নাম ছিল ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩০ জনের। এর আগে খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ জন। ফলে সব মিলিয়ে এখনও পর্যন্ত বাদ পড়ল ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জন । বাদের সংখ্যাটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আশা অনুযায়ী অনেকটাই কম । তা সত্ত্বেও পূর্বের মত ফের তিনি দাবি করেছেন যে “ভবানীপুরে ওকে(মমতা ব্যানার্জি) হারাবোই ।”
উল্লেখ্য,মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কেন্দ্র ভবানীপুরে খসড়া ভোটার তালিকায় বাদ পড়েছিল ৪৪ হাজারের কিছু বেশি। শনিবার চূড়ান্ত ভোটার তালিকায় বাদ পড়েছে আরও ২৩২৪ জন ভোটারের নাম । সব মিলে এখনও পর্যন্ত ৪৭০৯৪টি নাম বাদ পড়েছে৷ এছাড়া, ভবানীপুরে যাচাইয়ের জন্য বাকি রয়েছেন ১৪,১৫৪ জন ভোটার । ফলে বাতিলের তালিকায় আরও সংযোজন হওয়ার সম্ভাবনা রয়েছে । আর এতেই আরও আত্মবিশ্বাস বেড়ে গেছে বিরোধী দলনেতার । গতকাল কলকাতার ন্যাশনাল লাইব্রেরীতে যোগদান কর্মসূচির পর তিনি সাংবাদিকদের বলেন,’৪৫ হাজার প্রথম রাউন্ডে গেছে৷ আর বিবেচিত হবে ১৪৫১৪ । মোট প্রায় ৬০ হাজার । ওনাকে জেতানোর মত ভোটার ভবানীপুরে নেই । এসআইআর-এ সব পরিষ্কার হয়ে গেছে৷ ভবানীপুরে “ওকে” হারাবই৷’
প্রসঙ্গত,২০২১ সালের বিধানসভার ভোটে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে ১,৯৫৬ ভোটের ব্যবধানে পরাজিত হন মমতা ব্যানার্জি । অন্যদিকে ওই নির্বাচনে ভবানীপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় বিজেপির রুদ্রনীল ঘোষকে ২৮,৭৯০ ভোটের ব্যবধানে পরাজিত করেন । কিন্তু নন্দীগ্রামে মমতা পরাজিত হওয়ার পর তাকে আসনটা ছেড়ে দেন শোভনদেব ৷ ফলে ভবানীপুর আসনে উপনির্বাচন হয় এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে ৫৮,৮৩২ ভোটের রেকর্ড ব্যবধানে হারিয়ে জয়ী হন মমতা । এখন এসআইআর -এ মমতার জয়ের ব্যবধানের প্রায় সম সংখ্যক ভোটারের নাম বাদ চলে যাওয়ায় শুভেন্দুর আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দিয়েছে বলে মনে করা হচ্ছে ।।

