এইদিন ওয়েবডেস্ক,পূর্ব মেদিনীপুর,১৮ ফেব্রুয়ারী: ছেলে মুসলিম আর বাবা হিন্দু হওয়াটা অস্বাভাবিক ঘটনা কিছু নয় । এমন নজির এই বাংলাতেই আছে । যেমন গায়ক সুমন চট্টোপাধ্যায় ধর্ম পরিবর্তন করে কবীর সুমন হয়েছেন । কিন্তু ভোটার তালিকায় নাম তুলতে কোনো মুসলিম দ্বারা হিন্দু ব্যক্তিকে বাবা সাজানোর ঘটনা এক অর্থে নজিরবিহীন । আর এই নজিরবিহীন ঘটনাটাও ঘটেছে এই বাংলাতেই । নির্বাচন কমিশনের পর্যবেক্ষকরা গননা ফর্ম খতিয়ে দেখতে গিয়ে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় এমনই আজব ঘটনার হদিশ পেয়েছেন । পর্যবেক্ষকরা একটা গননা ফর্মে দেখেন যে শেখ রাজেশ আলি নামে এক মুসলিম যুবক তার বাবা হিসেবে ভুবনচন্দ্র বেরা নামে এক হিন্দু ব্যক্তির নাম নথিভুক্ত করেছে । আর কোনো নথি ছাড়াই এই তথ্যে সায়ও দিয়েছেন সহকারী নির্বাচনী নিবন্ধন আধিকারিক(AERO) । ফলে রাজ্যে স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআই আর প্রক্রিয়ায় এইআরও এবং ইআরও-দের ভূমিকা নিয়ে বিজেপি বারবার যে প্রশ্ন তুলছে, এই ঘটনায় তার যৌক্তিকতা ফের একবার প্রমাণিত হল ।
জানা গেছে,এসআইআর-এর স্ক্রুটিনি চলাকালীন পর্যবেক্ষকদের নজরে আসে যে, ২০৫ পাঁশকুড়া পশ্চিম বিধানসভার মাংলই-১ পঞ্চায়েতের শ্যামবল্লভপুর এলাকার ৯৩১ নম্বর ইলেক্ট্রোল রোলের শেখ রাজেশ আলি নামে ৪২ বছর বয়স্ক এক ব্যক্তি বাবার জায়গায় জনৈক ভুবনচন্দ্র বেরার নাম লিখেছেন । কিন্তু নিয়ম অনুযায়ী, এমন ক্ষেত্রে ধর্ম পরিবর্তনের শংসাপত্র বা আইনি হলফনামা খতিয়ে দেখা বাধ্যতামূলক। কিন্তু সংশ্লিষ্ট এইআরও (AERO) কোনো পরীক্ষা ছাড়াই সেই তথ্য আপলোড করেছেন AERO। রোল অবজার্ভারের সুপার চেকিংয়ে এই গরমিল ধরা পড়তেই নড়েচড়ে বসেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দপ্তর।
বিষয়টি নিয়ে বর্তমানে তোলপাড় চলছে । রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক( সিইও) দপ্তর ইতিমধেই এই ঘটনা নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট পাঠাচ্ছে। প্রশ্ন উঠেছে, একজন আধিকারিকের নজর থেকে এত বড় অসঙ্গতি কীভাবে এড়িয়ে গেল ? যদিও বিজেপি মনে করছে যে সংশ্লিষ্ট এলাকার এইআরও শাসকদলের অঙ্গুলিহেলনে ইচ্ছাকৃতভাবে এই কাজ করেছেন ।
উল্লেখ্য,ইতিমধ্যেই এসআইআর প্রক্রিয়ায় গাফিলতির অভিযোগে রাজ্যে সাতজন আধিকারিককে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন । তার মধ্যে চারজনের বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়েছে। এখন মেদিনীপুরের পাঁশকুড়ায় এই অসঙ্গতি দেখার পর অভিযুক্ত এইআরও-এর বিরুদ্ধে নির্বাচন কমিশন কী পদক্ষেপ নেয়, সেটাই দেখার।।

