এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৩ ফেব্রুয়ারী : দীর্ঘদিন বার্ধক্যজনিত ও কিডনির সমস্যায় হাসপাতালে ভর্তি থাকার পর অবশেষে রবিবার গভীর রাতে কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন বঙ্গ রাজনীতির ‘চাণক্য’ মুকুল রায় (Mukul Roy)। সোমবার সকালে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ হয়ে পড়ে রাজ্য রাজনীতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রয়াত তৃণমূল নেতার মৃত্যুতে শোক প্রকাশ এবং তার পরিবারকে সমবেদনা জানিয়ে এক্স-এ লিখেছেন, ‘প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী মুকুল রায় জি’র প্রয়াণে শোকাহত। তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা ও সমাজসেবামূলক প্রচেষ্টা স্মরণীয় হয়ে থাকবে। তাঁর পরিবার ও সমর্থকদের প্রতি সমবেদনা জানাই। ওঁ শান্তি।’
বিগত কয়েক বছর ধরে কিডনির সমস্যা ও বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন মুকুল রায় । তাকে হাসপাতালে বারবার ভর্তি করা হলেও শেষ রক্ষা হলো না। হাসপাতাল থেকে মুকুল রায়ের মৃতদেহ বর্তমানে কাঁচড়াপাড়ার ঘটক রোডের বাড়িতে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সেখানে পরিজন ও অনুগামীরা শেষ শ্রদ্ধা জানাবেন। এরপর কাঁচড়াপাড়া থেকে দেহ নিয়ে যাওয়া হবে হালিশহর শ্মশানে, সেখানেই সম্পন্ন হবে তাঁর শেষকৃত্য।।

