এইদিন ওয়েবডেস্ক,ছত্তিশগড়,০৬ জুন : নিষিদ্ধ সিপিআই (মাওবাদী) সংগঠনের কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরো সদস্য এবং সিপিআই (মাওবাদী) সাধারণ সম্পাদক বাসভ রাজুকে গত ২১শে মে, আবুঝমারহ জঙ্গলে এনকাউন্টারে নিষ্ক্রিয় করেছিল নিরাপত্তাবাহিনী । ফের ওই নিষিদ্ধ সংগঠনকে নিরাপত্তাবাহিনী একটা বড়সড় ঘা দিয়েছে । এবারে ৫ জুন ছত্তিশগড়ের বিজাপুরের জাতীয় বনাঞ্চলে এক অভিযানের সময় নিরাপত্তা বাহিনী এনকাউন্টারে সুধাকর ওরফে গৌতম নামে মাওবাদী এক শীর্ষ নেতাকে হত্যা করেছে । সুধাকর বিজাপুর জেলায় একজন শীর্ষ নকশাল নেতা এবং কেন্দ্রীয় কমিটির সদস্য (সিসিএম) বলে জানা গেছে । ৬৭ বছর বয়সী ওই মাওবাদী নেতার মাথার উপর ৪০ লক্ষ টাকা পুরস্কার ছিল৷ এটা নিরাপত্তা বাহিনীর দ্বিতীয় সফল হাই প্রোফাইল মাওবাদ বিরোধী অভিযান।
বস্তারের ইন্সপেক্টর জেনারেল পি সুন্দররাজ এএনআইকে বলেন, ‘বিজাপুর জাতীয় উদ্যান এলাকায়, সিপিআই (মাওবাদী) সিনিয়র মাওবাদী ক্যাডার এবং পিএলজি ক্যাডারদের উপস্থিতির তথ্য পাওয়া যায় । তার ভিত্তিতে, এসটিএফ, ডিআরজি এবং কোবরা যৌথ দলকে অভিযানের জন্য পাঠানো হয়েছিল। অভিযানের সময়, নিরাপত্তা বাহিনী এবং নকশালদের মধ্যে একাধিকবার গুলি বিনিময়ের ঘটনা ঘটে। গুলি বিনিময়ের পর, তল্লাশির সময়, একজন মাওবাদীর মৃতদেহ এবং একটি একে-৪৭ অস্ত্র এবং প্রচুর পরিমাণে বিস্ফোরক দ্রব্য এবং অন্যান্য অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে ।’এই সংঘর্ষে স্পেশাল টাস্ক ফোর্স (STF), ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (DRG) এবং কমান্ডো ব্যাটালিয়ন ফর রেজোলিউট অ্যাকশন (CoBRA) যৌথ অভিযানে অংশ নেয় বলে তিনি জানান ।
কর্মকর্তাদের মতে, গৌতম ছিলেন একজন সিনিয়র মাওবাদী নেতা যিনি বিভিন্ন সহিংস ঘটনার জন্য দায়ী ছিলেন যার ফলে অসংখ্য নিরীহ আদিবাসী বেসামরিক নাগরিক এবং নিরাপত্তা কর্মী নিহত হন। গৌতমের মৃত্যু নিরাপত্তা বাহিনীর জন্য একটি বড় সাফল্য এবং মাওবাদী নেতৃত্বের জন্য, বিশেষ করে দণ্ডকারণ্য অঞ্চলে, একটি উল্লেখযোগ্য আঘাত। তার নিষ্ক্রিয়করণ নিষিদ্ধ মাওবাদী সংগঠনের উপর বড়সড় আঘাত ।
এর ৩ সপ্তাহ আগে, গত ২১ মে, নারায়ণপুর জেলার আবুজমড় এলাকায় এক বিশাল অভিযানে নিরাপত্তা বাহিনী কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরো সদস্য এবং সিপিআই (মাওবাদী) সাধারণ সম্পাদক বাসভ রাজুর মৃতদেহ উদ্ধার করে, যেখানে আরও ২৬ জন মাওবাদী নিষ্ক্রিয় করা হয়। বাসভ রাজুকে ‘মাওবাদী আন্দোলনের মেরুদণ্ড’ বলা হত এবং সংগঠনের একজন শীর্ষ নেতা ছিলেন । ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই বলেছেন,’অভিযান ধারাবাহিকভাবে চলছে এবং আমরা সাফল্য অর্জন করছি। গতকালও আমাদের সাফল্য হয়েছে। গতকাল আমাদের জওয়ানরা একজন কেন্দ্রীয় কমিটির সদস্য (CCM) কে নিষ্ক্রিয় করেছেন। আমরা তাদের সাহসিকতাকে স্যালুট জানাই।’।

