এইদিন ওয়েবডেস্ক,লখনউ,১৮ ফেব্রুয়ারী : হিন্দু ধর্ম সম্পর্কে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে, আরএসএস প্রধান মোহন ভাগবত “ঘর ওয়াপসি” (হিন্দু ধর্মে পুনঃপ্রবেশ) প্রচেষ্টা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন এবং হিন্দু পরিবারগুলিতে কমপক্ষে তিনটি সন্তান থাকা উচিত বলেও মত প্রকাশ করেছেন। মঙ্গলবার উত্তর প্রদেশের লখনউয়ে নিরালা নগরের সরস্বতী শিশু মন্দিরে আয়োজিত এক সামাজিক সম্প্রীতি সভায় ভাষণ দিতে গিয়ে তিনি বলেন,”যারা হিন্দু ধর্মে ফিরে আসতে চায় তাদের সমাজের সমর্থন ও যত্ন নেওয়া উচিত।” তিনি বলেন,”হিন্দু সমাজের আরও সতর্ক থাকা উচিত। যদিও হিন্দু সম্প্রদায়ের জন্য তাৎক্ষণিকভাবে কোনও বিপদ নেই, তবুও তাদের আরও সংগঠিত, শক্তিশালী এবং সর্বদা সতর্ক থাকতে হবে ।”
হিন্দু জনসংখ্যা ক্রমহ্রাসমান নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলপ্রয়োগ বা প্রলোভনের মাধ্যমে ধর্মান্তরের ঘটনা উল্লেখ করেন।তিনি বিজ্ঞানীদের মতামত উদ্ধৃত করে বলেন যে প্রতিটি হিন্দু পরিবারের কমপক্ষে তিনটি সন্তান থাকা উচিত এবং যদি প্রতি পরিবারে গড় জন্মহার তিনটি সন্তানের কম হয়, তাহলে ভবিষ্যতে সেই সমাজ ভেঙে পড়ার ঝুঁকির সম্মুখীন হতে পারে। তিনি বলেন,”নববিবাহিত দম্পতিদের তিনটি সন্তান নেওয়ার কথা বলা উচিত, তিনি আরও বলেন যে, বিবাহকে কেবল ব্যক্তিগত আকাঙ্ক্ষা পূরণের উপায় হিসেবে বিবেচনা করা উচিত নয়, বরং সৃষ্টির ধারাবাহিকতা বজায় রাখার একটি প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করা উচিত ।”
মোহন ভাগবত অবৈধ অনুপ্রবেশের বিষয়টি উত্থাপন করে বলেন যে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে দেশ থেকে বহিষ্কার করা উচিত। তিনি বলেন যে আমাদের দেশে অবৈধ অনুপ্রবেশকারীদের চাকরি দেওয়া উচিত নয়। সামাজিক সম্প্রীতি জোরদার করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে তিনি বলেন, “যখন সম্প্রীতি থাকে না, তখন বৈষম্যের সৃষ্টি হয়।” আমরা সবাই এক দেশের, এক মাতৃভূমির সন্তান বলে উল্লেখ করে তিনি বলেন,”সনাতন তত্ত্ব ঐক্য ও সম্প্রীতি প্রচার করে” । পরিশেষে আমেরিকা ও চীন সহ কিছু দেশের গোষ্ঠী ভারতের সামাজিক সম্প্রীতিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে উল্লেখ করে তিনি নাগরিকদের আরও সতর্ক থাকার এবং পারস্পরিক আস্থা বৃদ্ধির আহ্বান জানান।।

