এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৫ মার্চ : আজ বৃহস্পতিবার কোন এক অজ্ঞাত কারনে হঠাৎ পদত্যাগ করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ তার ইস্তেফের পিছনের কারণ এখনও স্পষ্ট নয় । তবে প্রতিবেদনে দেখা যাচ্ছে যে বোস ব্যক্তিগত কারণ দেখিয়েছেন। তিনি ২০২২ সালে জগদীপ ধনখরের স্থলাভিষিক্ত হন এবং ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করার কথা ছিল। এরপর বর্তমান তামিলনাড়ুর রাজ্যপাল আর.এন. রবিকে পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে ।
প্রাক্তন সিবিআই এবং আইবির প্রাক্তন কর্তা আর এন রবির সঙ্গে বিজেপি-বিরোধী স্ট্যালিনের সরকারের সঙ্গে সম্পর্ক ভালো নয়৷ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে রাজ্যপালকে বরখাস্ত করার দাবিও জানিয়েছিল তামিলনাড়ু সরকার । এমন একজনকে বিধানসভার ভোটের মুখেই বঙ্গের রাজ্যপাল হিসাবে নিয়োগ করায় সিঁদূরে মেঘ দেখছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি৷ তিনি এনিয়ে সোশ্যাল মিডিয়ায় একটা বড়সড় পোস্ট করেছেন ।
মমতা লিখেছেন,’পশ্চিমবঙ্গের রাজ্যপাল শ্রী সি. ভি. আনন্দ বোসের আকস্মিক পদত্যাগের খবরে আমি হতবাক এবং গভীরভাবে উদ্বিগ্ন। এই মুহূর্তে তাঁর পদত্যাগের কারণ আমার জানা নেই। তবে, বিদ্যমান পরিস্থিতিতে, আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যপাল যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে কিছু রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য চাপের মুখে পড়েন তবে আমি অবাক হব না।’
তিনি আরও লিখেছেন,’কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে জানিয়েছেন যে শ্রী আর.এন. রবিকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হচ্ছে। তিনি এই বিষয়ে প্রতিষ্ঠিত রীতি অনুসারে কখনও আমার সাথে পরামর্শ করেননি। এই ধরনের কর্মকাণ্ড ভারতের সংবিধানের চেতনাকে ক্ষুণ্ন করে এবং আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ভিত্তির উপর আঘাত করে। কেন্দ্রকে অবশ্যই সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয়তার নীতিগুলিকে সম্মান করতে হবে এবং গণতান্ত্রিক রীতিনীতি এবং রাজ্যগুলির মর্যাদা ক্ষুণ্ন করে এমন একতরফা সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে।’।

