এইদিন ওয়েবডেস্ক,মালদা,১৬ ফেব্রুয়ারী : এলাকার নির্জন আমবাগানে দীর্ঘদিন ধরে ব্রাউন সুগারের কারবারের পাশাপাশি জুয়ার ঠেক বসাচ্ছিল মাদক কারবারীরা । গ্রামবাসীরা এনিয়ে একাধিকবার থানায় অভিযোগ জানায় । সেই অভিযোগের ভিত্তিতে দলটিকে হাতেনাতে ধরতে তক্কেতক্কে ছিল পুলিশ । আজ সোমবার গোপন সূত্র থেকে খবর পেয়ে মাদক কারবারীদের ঠেকে হানা দেয় পুলিশ । আর তখনই পুলিশের উপর হামলা চালিয়ে দেয় দুষ্কৃতীদের ওই দলটি । ঘটনাটি ঘটেছে মালদা জেলার মানিকচক থানার নুরপুর অঞ্চলের ফকিরটোলা এলাকার একটি নির্জন আমবাগানে । দুষ্কৃতীদের এলোপাথাড়ি মারধরে গুরুতর আহত হয়েছেন মানিকচক থানার এএসআই পিযুষ মন্ডল ও দুই সিভিক ভলান্টিয়ার । খবর পেয়ে মানিকচক থানার আইসি সূর্যদীপ্ত ভট্টাচার্যের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে আহত সহকর্মীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে । এদিকে ততক্ষণে চম্পট দেয় দুষ্কৃতী দলটি । পুলিশ ওই মাদক কারবারিদের ধরতে তল্লাশি অভিযান শুরু করেছে৷ ঘটনাস্থল থেকে আটটি মোটর বাইক আটক করেছে পুলিশ ।
প্রসঙ্গত,মালদা জেলায় ব্রাউন সুগারের একটি আন্তরাজ্য পাচারকারী চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল । মাদকের বিরুদ্ধে পুলিশের লাগাতার ধরপাকড় অভিযানের ফলে মাদক কারবারে কিছুটা হলেও লাগাম পড়েছে । কিন্তু পুলিশের ধরপাকড় অভিযানের মধ্যেও নুরপুরের বিভিন্ন এলাকায় ব্রাউন সুগারের কারবার একটা চক্র চালু রেখেছিল বলে অভিযোগ । তার মধ্যে নুরপুর অঞ্চলের ফকিরটোলা এলাকায় নিয়মিত মাদক ও জুয়ার ঠেক বসাত দুষ্কৃতীরা । এদিকে মাদকের বেআইনি কারবারের রমরমার কারণে এলাকার যুব সমাজ ক্রমশ মাদকের নেশায় আচ্ছন্ন হয়ে পড়ছিল।
পুলিশ সূত্রে খবর,আজ সোমবার মানিকচক থানায় গোপন সূত্র থেকে খবর আসে যে মাদক কারবারিরা নুরপুরের ফকিরটোলা এলাকার একটি আমবাগানে গোপন বৈঠকে বসেছে । এরপর দুপুরের দিকে দুই সিভিক ভলান্টিয়ারকে নিয়ে সেখানে আচমকা হানা দেন মানিকচক থানার এএসআই পিযুষ মন্ডল। সেই সময় দুষ্কৃতী দলটি তাদের উপর হামলা চালিয়ে দেয়৷ তারা পুলিশ কর্মীদের ফেলে বেধরক মারধর করে । মারধরে এএসআই ও দুই সিভিক ভলান্টিয়ার গুরুতর আহত হন । খবর পেয়ে পরে বিশাল পুলিশবাহিনী গেলে বেশ কিছু বাইক ফেলে ছুটে পালিয়ে যায় দুষ্কৃতীরা ।।

