এইদিন ওয়েবডেস্ক,কোচবিহার,০৫ এপ্রিল : আজ রবিবার কোচবিহার দিয়ে রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । প্রধানমন্ত্রীর ভাষণ শুনতে কাতারে কাতারে মানুষ ভিড় জমিয়েছে কোচবিহার রাসমেলা মাঠে । হেলিকপ্টার থেকে সেই ছবি তুলে এক্স-এ পোস্ট করে মোদী বললেন,’কোচবিহারে জনসভায় যোগ দিতে যাওয়ার পথে।এই ছবিগুলোই বলে দিচ্ছে এবার পশ্চিমবঙ্গে বিজেপির পক্ষে জোরালো হাওয়া বইছে… মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করতে চলেছে!’
আজ বিকেলে কোচবিহার রাসমেলা মাঠের বিজয় সংকল্প সভায় উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী । দলীয় প্রার্থীদের সমর্থনে “বিজয় সংকল্প সভা”য় তিনি যোগ দেন । এদিন দুপুর নাগাদ হাসিমারা সেনা ছাউনিতে নেমে সেখান থেকে হেলিকপ্টারে কোচবিহারে হেলিপ্যাডে এসে নামেন প্রধানমন্ত্রী। সেখান থেকে গাড়ি করে কোচবিহার রাসমেলার মাঠে সভাস্থলে আসেন ।
বিধানসভার ভোটকে সামনে রেখে এরাজ্যে একের পর এক সভা করছেন নরেন্দ্র মোদী । চলতি বছর জানুয়ারিতে মালদা ও সিঙ্গুরে সভা করেন তিনি। সম্প্রতি কলকাতায় ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভায় মানুষের ঢল দেখতে পাওয়া গিয়েছিল। এরপর আজ তিনি কোচবিহার রাসমেলা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিলেন । তাঁর ঘনঘন বঙ্গ সফরে একদিকে যেমন উজ্জীবিত গেরুয়া শিবির, পাশাপাশি ২০২৬ শে রাজ্যের পটপরিবর্তনে বিজেপি যে দৃঢ়সংকল্প, তা মোদীর ঘনঘন সভাতে প্রমানিত ।।
