এইদিন ওয়েবডেস্ক,পশ্চিম বর্ধমান,১২ ফেব্রুয়ারী : পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের মলানদিঘি এলাকার বেসরকারি হাসপাতালের এক নার্সের রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছে । পুলিশ জানিয়েছে,মৃতার নাম মন্দিরা পাল ৷ তিনি বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের বাসিন্দা । কাঁকসার গোপালপুরে ওই হাসপাতালের একটি বহুতল আবাসনের ৮ তলায় থাকতেন নিহত তরুনী । বুধবার রাত প্রায় ৮ টা নাগাদ আবাসনের পিছনে ঝোপের মধ্য থেকে তার দেহ উদ্ধার করে কাঁকসা থানার পুলিশ । কিভাবে ওই তরুনী ৮ তলা থেকে নিচে পড়ে গেলেন, তা নিয়ে ধন্দ্বের সৃষ্টি হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । এদিকে স্টাফেদের নিরাপত্তা নিয়ে বিস্তর প্রশ্ন উঠছে ।
জানা গেছে,কাঁকসার গোপালপুরে ওই বেসরকারি হাসপাতালের একটা ১২ তলা বিশিষ্ট আবাসন রয়েছে । প্রায় ৪০ জন নার্সিং স্টাফ ভাড়া থাকতেন সেখানে। বিগত প্রায় এক বছর ধরে ওই আবাসনে হাসপাতালের অন্য কর্মীদের সঙ্গে থাকতেন মন্দিরা পাল ৷ নাইট শিফটের ডিউটির জন্য স্টাফেদের হাসপাতালে নিয়ে যেতে প্রতিদিন একটি বাস আসত । বুধবার সন্ধ্যা প্রায় সাড়ে সাতটা নাগাদ যথারীতি বাসটি আবাসনের সামনে এসে দাঁড়ায় । কিন্তু অন্যান্য নার্সিং স্টাফ বাসে উঠলেও মন্দিরা না ওঠায় খোঁজাখুঁজি শুরু হয় । এরপর আবাসনের পাঁচিলের বাইরে ঝোপের মধ্যে তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখা যায় ।
এদিকে এই ঘটনার পর স্টাফেদের নিরাপত্তা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফেলতির অভিযোগ উঠছে । অভিযোগ যে ঘটনার সময় আবাসনের ছাদের দরজা খোলা ছিল । পাশাপাশি আবাসনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠছে ৷ পুলিশ জানিয়েছে,আজ বৃহস্পতিবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারন স্পষ্ট হবে ।।

