এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৫ এপ্রিল : গতকাল থেকে দলীয় প্রার্থীদের সমর্থনে ম্যারাথন সভা করছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি । গতকাল তিনি মালদায় একাধিক সভা করে । আজ রবিবার মুর্শিদাবাদে সভা করছেন মমতা । তার মধ্যে সামশেরগঞ্জ এগ্রিকালচারাল ডিরেক্টরেট ফিল্ডের জনসভায় নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করতে গিয়ে তিনি “শালা” শব্দ প্রয়োগ করেন । এই মন্তব্যের প্রতিক্রিয়ায় মমতাকে “ছিটগ্রস্ত” আখ্যা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷
সামশেরগঞ্জের সভায় মমতা ব্যানার্জি বলেন,’।এসছে মোটা ভাই, সাথে ইডি আর সিবিআই, এন আই এ । সবকটাকে নিয়ে এসেছে । আর সবাইকে ডেকে পাঠিয়ে বলছে ইলেকশনের সময় আমাদের হয়ে কাজ করবে । এত বড় সাহস ! ও বোঝেনা ? নিজে শালা দুর্নীতির ঠাকুর দাদা । আর নিজেরা এসব করে বেড়াচ্ছে ।’
তৃণমূল সুপ্রিমোর সেই বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শুভেন্দু অধিকারী লিখেছেন,:”নিজে শালা, দুর্নীতির ঠাকুরদাদা” — এটা কি মুখ্যমন্ত্রীর মুখের ভাষা? ভাষা-সন্ত্রাসে কি বাংলা ভাষার গরিমা-মর্যাদা, বাঙালির অইস্মিতা এবার বিপন্ন হচ্ছে না? বুঝতে সামশেরগঞ্জ পারছেন না, মুখের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছেন। কিন্তু যতদিন (আর হাতে গোনা কটা দিন মাত্র) এই পদে রয়েছেন, নিজের কথা না ভাবুন, অন্তত পদমর্যাদা রক্ষার্থে এই ধরনের ভাষা ব্যবহার থেকে বিরত থাকুন, বিশেষ করে কেন্দ্রীয় সরকারের দায়িত্বপ্রাপ্ত সর্বোচ্চ পদমর্যাদাধারীদের উদ্দেশ্যে। লোকে কিন্তু পাগলের প্রলাপ, ছিটগ্রস্ত এইসব বলছে…”।।

