এইদিন ওয়েবডেস্ক,শিলিগুড়ি,২৫ মার্চ : শিলিগুড়িতে ১৬ বছরের এক নাবালিকা ছাত্রীর আত্মহত্যার ঘটনায় স্থানীয় ৪৫ বছর বয়স্ক গৃহ শিক্ষক আমির আলীর বিরুদ্ধে প্রেমের জালে ফাঁসানোর অভিযোগ উঠেছে । গত সোমবার সকালে শিলিগুড়ি পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের দূর্গানগর, গুরুং বস্তি এলাকায় ছাত্রীর বাড়ি থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধারের পর থেকেই উত্তপ্ত এলাকা । যদিও মেয়েটির দেহ উদ্ধারের পর থেকেই চম্পট দিয়েছে অভিযুক্ত । অভিযুক্ত গৃহশিক্ষক আমির আলীর “ফাঁসির বদলে ফাঁসি” চাইলেন বিজেপি সাংসদ রাজু বিস্ত ৷ পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য সমস্তরকম ভোট প্রচার ও জনসংযোগ কর্মসূচি বন্ধ করে গতকাল দুপুর থেকে শিলিগুড়ি জংশনে আম্বেদকর মূর্তির পাদদেশে ধর্নায় বসেছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ । রাতভর ধর্ণা মঞ্চে উপস্থিত ছিলেন তিনি । আজ বুধবার সকালে মৃতা কিশোরীর মা এসে অভিযুক্ত গৃহশিক্ষকের গ্রেপ্তারি ও কঠোর শাস্তির জন্য বিধায়কের কাছে দাবি জানান । অভিযুক্ত গৃহ শিক্ষক আমির আলীকে অবিলম্বে গ্রেপ্তারির দাবি ও শহরের মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আজ সন্ধ্যায় “জাস্টিস ফর প্রার্থনা” ব্যানারে মোমবাতি মিছিলের ডাক দিয়েছেন বিজেপি বিধায়ক ।
জানা গেছে,দূর্গানগর, গুরুং বস্তি এলাকার বাসিন্দা গৃহ শিক্ষক আমির আলী বিবাহিত এবং বাড়িতে তার স্ত্রী ও তিন সন্তান রয়েছে । একই এলাকার ১৬ বছরের কিশোরীকে সে টিউশন পড়াত । সেই সূত্রে সে কিশোরীকে প্রেমের জালে ফাঁসিয়ে শারিরীক সম্পর্ক করে বলে অভিযোগ । কিন্তু সম্প্রতি মেয়েটি বিয়ের জন্য চাপ দিলে দু’জনের মধ্যে ঝামেলা শুরু হয় । শেষে গত সোমবার সকালে নিজের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় ওই নাবালিকা ।
বিধায়ক গতকাল রাতে ফেসবুক লাইভে এসে বলেন, “ওই স্কুল ছাত্রীর ওপরে যে ধরনের ঘটনা ঘটেছে, তার ওপর যে মানসিক চাপ পড়েছিল, সেটা গ্রহণ করার মত ক্ষমতা তার ছিল না বলেই আত্মহত্যার পথ বেছে নিয়েছে ।” তিনি আরও বলেন,”আমাদের শহরের মহিলাদের সুরক্ষা,পুলিশের তৎপরতা এবং অপরাধীদের শাস্তি পাওয়ার অত্যন্ত জরুরী । একটার পর একটা অপরাধ সংঘটিত হওয়ার পর শাস্তি না পাওয়ায় এক শ্রেণীর অপরাধীরা এই সাহস অর্জন করেছে যে অপরাধ করলে পশ্চিমবঙ্গে পার পাওয়া যায় । ফলে প্রতিবাদরা রাজনৈতিকভাবে হওয়ার থেকে সামাজিকভাবে হওয়া প্রয়োজন ।”
ফাঁসির বদলে ফাঁসি চাইলেন সাংসদ রাজু বিস্ত
গতকাল রাতে মৃতা কিশোরীর পরিবারের সঙ্গে দেখা করতে যান বিজেপি সাংসদ রাজু বিস্ত । তিনি বলেন, “একটা গরিব পরিবার ১৬ বছরের মেয়েকে হারিয়েছে। আর অপরাধী আমির আলী, যে বারবার শিলিগুড়িতে অপরাধ করে গেছে, ফের একটা মেয়ের সাথে দুষ্কর্ম করেছে এবং সে ওই মেয়েটিকে হত্যা করেছে । কিন্তু চব্বিশ ঘন্টার অধিক সময় হয়ে যাওয়ার পরও অপরাধী এখনো ফেরার ।শিলিগুড়ির এটা প্রথম ঘটনা নয় । বিগত কয়েক মাস ধরে আমাদের মেয়েদের সঙ্গে দুর্ব্যবহার, দুষ্কর্ম হচ্ছে ।হত্যা করা হচ্ছে৷ আর এটা বারবার দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের অপরাধী,গুন্ডা,খুনিদের আশ্রয় দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার । পশ্চিমবঙ্গের মমতা দিদির সরকার, পুলিশ এবং প্রশাসন অপরাধীদের বাঁচানোর চেষ্টা করে । অপরাধকে প্রশ্রয় দেয় । জানিনা এই ধরনের অপরাধের আর কিভাবে পশ্চিমবঙ্গে ঢুকে পড়েছে, এদের কারণে আজ আমাদের রাজ্যের হিন্দু বোন, মেয়েরা সুরক্ষিত নয়৷ আর আজ মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গে রয়েছেন৷ আমি ওনাকে স্পষ্ট ভাষায় বলতে চাই যে, আজ রাতের মধ্যেই অপরাধীকে ধরতে হবে । জেলে পাঠাতে হবে । আর ফাঁসির বদলে আমাদের ফাঁসি চাই ।” তিনি বলেন,”শীঘ্রই অভিযুক্তকে গ্রেফতার করতে হবে, তা নাহলে রাস্তায় মানুষ নামতে বাধ্য হবেন ।”
এই ঘটনায় গতকাল অভিযুক্ত গৃহশিক্ষকের গ্রেপ্তারি ও কঠোর শাস্তির দাবিতে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের নেতৃত্বে মঙ্গলবার শহরে বিশাল মিছিল বের হয় । পুলিশ সুপারের কাছে অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয় । এদিকে নির্বাচনের প্রাক্কালে বিষয়টি রাজনৈতিক মোড় নিচ্ছে দেখে শিলিগুড়ির তৃণমূল প্রার্থী ও মেয়র গৌতম দেব গতকাল সন্ধ্যায় মৃতা কিশোরীর পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়ে আসেন।।
