এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২৮ ফেব্রুয়ারী : ছেলের পরকীয়া প্রেমিকার রাস্তা পরিষ্কার করতে পুত্রবধূর উপর অ্যাসিড হামলা চালালো শাশুড়ি । এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার মাহাতা গ্রামে । গুরুতর দগ্ধ হয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সুকদি সোরেন নামে আক্রান্ত মহিলা । পুলিশ অ্যাসিড আক্রান্ত মহিলার শাশুড়ি সুকি মাড্ডিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে ।
জানা গেছে,ভাতারের আলিনগর গ্রামে বাপের বাড়ি সুকদি সোরেনের । বছর ১১ আগে মাহাতা গ্রামের বাসিন্দা পেশায় গাড়িচালক সোমাই সোরেনের সঙ্গে তার দেখাশোনা করে বিয়ে হয় । জখম বধূর মা বুধিন হাঁসদার কথায়,বছর তিনেক ধরে জামাই সোমাই পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছিল । প্রেমিকাকে বাড়িতেই তোলার চেষ্টা করেছিল । কিন্তু মেয়ের আপত্তিতে পারেনি । যেকারণে বাধ্য হয়ে সে বাড়ির পাশেই আলাদা ঘর তৈরি করে দিয়ে প্রেমিকাকে রেখেছিল ।
অভিযোগ যে সোমাই সোরেনের মা সুকি মাড্ডি তার পুত্রবধূ সুকদি সোরেনকে থেকে তাড়ানোর সুযোগ খুঁজছিলেন । ঝগড়াঝাঁটি লেগেই থাকত। তবুও শ্বশুরবাড়ি ছাড়েননি সুকদি । এরপর আজ শনিবার ভোরের দিকে বধূ যখন একমাত্র ৫ বছরের সন্তান শুভকে নিয়ে ঘরে ঘুমচ্ছিলেন, সেই সময় তার মুখে অ্যাসিড ঢেলে দেয় শাশুড়ি সুকি মাড্ডি । অ্যাসিডের পোড়ার জ্বালায় চিৎকার করে ওঠেন সুকদি। তার মুখের অংশ ঝলসে যায়। ওই অবস্থায় ছুটতে ছুটতে গিয়ে ননদ তুলসী কিস্কুকে ডাকেন। পাড়াপড়শিকে ডেকে সুকদিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে।।

