পারমিতা দত্ত,কালনা(পূর্ব বর্ধমান),১৬ ফেব্রুয়ারী : এবারে পদ্মশ্রী প্রাপকদের তালিকায় নাম রয়েছে পূর্ব বর্ধমান জেলার কালনার দুই কৃতী ব্যক্তিত্বের নাম । তাঁত শিল্পে অসামান্য কৃতিত্বের জন্য পদ্মশ্রী পেতে চলেছেন কালনা থানার বারুইপাড়া এলাকার বাসিন্দা জ্যোতিষ দেবনাথ । পাশাপাশি একই থানা এলাকার কালনা-২ ব্লকের বাসিন্দা রবি লাল টুডুকে আদিবাসী সাহিত্যে অসামান্য অবদানের জন্য পদ্মশ্রী দিয়ে সম্মানিত করতে চলেছে কেন্দ্র সরকার ৷
আজ সোমবার সাতসকালেই জ্যোতিষ দেবনাথকে শুভেচ্ছা জানাতে ফুলের তোড়া নিয়ে সোজা তার বাড়িতে হাজির হয়ে গেলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ । সঙ্গে ছিলেন দলের আরও কিছু নেতাকর্মী । এদিকে শুভেচ্ছা পেয়ে খুশি জ্যোতিষ দেবনাথ মন্ত্রীকে নিজের তৈরি শাড়ি আঙুলে পরার আঙটির ভিতর দিয়ে গলিয়ে দেখান । সেই সাথে তিনি জানান যে আগামী দিন আরো ভালো কিছু কাজ করার ইচ্ছে আছে তার।
মন্ত্রী স্বপন দেবনাথ বলেন,’আমি ব্যক্তিগতভাবে এর আগে একদিন এসে ওনাকে শুভেচ্ছা জানিয়ে গিয়েছি। আজ মুখ্যমন্ত্রীর নির্দেশ মত তাঁর শুভেচ্ছা বার্তা ওনার হাতে তুলে দিলাম।’ তিনি আরও বলেন,’একসাথে দুই কৃতী ব্যক্তিত্বের পদ্মশ্রী পাওয়া শুধু কালনায় নয়, জেলায় পায়নি । এটা আমাদের জন্য গর্বের বিষয় ।’।

