এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৯ ফেব্রুয়ারী : Special Institutional Review (SIR) নিয়ে এসআইআর নিয়ে নিজের দায়ের করা মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । আজ সোমবার প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে এই মামলার শুনানি হয় । আদালত স্পষ্ট জানিয়ে দেয় যে এসআইআর প্রক্রিয়ায় কোনোভাবেই থামানো যাবে না। সব রাজ্যকেই বিষয়টি বুঝতে হবে এবং নির্বাচনী প্রক্রিয়াকে স্বচ্ছ রাখতে প্রয়োজনীয় সব নির্দেশ দেবে আদালত। সেই সাথে এসআইআর (SIR) শুনানির সময়সীমা ১ সপ্তাহ বাড়ানোর নির্দেশ দেয় আদালত । মমতা ব্যানার্জির পক্ষে এদিন উপস্থিত ছিলেন বর্ষীয়ান আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি ।
আজ আদালতে শুনানির সময় নির্বাচন কমিশন ও মমতা ব্যানার্জির আইনজীবীদের মধ্যে তথ্যের আদান-প্রদান নিয়ে তীব্র বাদানুবাদ হয় । মমতা ব্যানার্জির পক্ষের আইনজীবীর দাবি, ৮,৫৫৫ জন গ্রুপ-বি অফিসারের তালিকা কমিশনকে পাঠানো হয়েছে। পাল্টা কমিশনের আইনজীবীর অভিযোগ, তাঁরা শুধু সংখ্যা পেয়েছেন, কিন্তু কোনো নির্দিষ্ট নাম পাননি। আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি দাবি করেন, নির্বাচন কমিশন কখনোই নির্দিষ্ট করে গ্রুপ-বি অফিসারদের তালিকা চায়নি। অন্যদিকে, কমিশনের অভিযোগ ছিল যে ৩০০ জন গ্রুপ-বি অফিসার চাওয়া হলেও দেওয়া হয়েছে মাত্র ৮০ জন; বাকিরা গ্রুপ-সি কর্মী। এই প্রেক্ষিতেই কর্মীদের অভাবে বাইরে থেকে মাইক্রো অবজার্ভার নিয়োগ করতে হয়েছিল বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি।
প্রধান বিচারপতি সূর্যকান্ত এই বিলম্ব নিয়ে উষ্মা প্রকাশ করে প্রশ্ন তোলেন, কেন নামের বিস্তারিত তালিকা আগে পাঠানো হয়নি? এমনকি প্রয়োজনে মুখ্যসচিবকে হলফনামা দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, রাজ্য নিশ্চিত করবে ৮,৫০৫ জনই গ্রুপ-বি অফিসার। মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে সংশ্লিষ্ট ডিইও বা ইআরও-র কাছে তাঁদের রিপোর্ট করতে হবে। এবং, দায়িত্ব গ্রহণ করতে হবে। তবে প্রয়োজনে নির্বাচন কমিশন এই কর্মীদের পরিবর্তন করতে পারবে। তবে মাইক্রো অবজার্ভাররা কোনও ভাবেই নাম বাদ দেওয়া সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবেন না বলে জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত। এই ক্ষেত্রের ইআরওদের নির্দেশই চূড়ান্ত।।

